নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীতে সুন্দলপুর সাউথ-১ নামে আরেকটি গ্যাসক্ষেত্র আবিষ্কার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিকভাবে কূপটি থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গতকাল সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত ওই কূপে অগ্নি প্রজ্বলনের পর গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক।
তিনি বলেন, আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, তা জানা যাবে। এ ছাড়া গ্যাসের পাশাপাশি তেল বা অন্য কোনো পদার্থ রয়েছে কি না, তা আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি পরীক্ষার পর জানা সম্ভব হবে। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, কূপটি থেকে ১০ হাজার কোটি ঘনফুটের বেশি গ্যাস পাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে আগামী ২০ বছর পর্যন্ত এখান থেকে গ্যাস উত্তোলন সম্ভব হবে। তবে এসব বিষয়ে নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
বাপেক্স সূত্র জানায়, বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শুরু হয়। ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খননকাজ সম্পন্ন হয়েছে। আগামী দুই সপ্তাহ পরীক্ষা ও পর্যবেক্ষণের পর কূপটির বিষয়ে আরও নির্ভুল তথ্য জানানো সম্ভব হবে। বাংলাদেশ সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের ভিত্তিতে কূপটির খনন কার্যক্রম শুরু হয়।
এদিকে কোম্পানীগঞ্জে নতুন কূপে গ্যাস পাওয়ার খবরে বাপেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নোয়াখালীতে নতুন নতুন কূপ খনন করে গ্যাসের সন্ধান পাচ্ছে বাপেক্স। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নোয়াখালীবাসী কৃতজ্ঞ। এসব কূপ খননে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা জনগণকেও আমি ধন্যবাদ জানাই।'
