গণতান্ত্রিক ইতিহাস গঠনে ফটোসাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য

বললেন তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের গণতান্ত্রিক ইতিহাস গঠনে ফটোসাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ফটোসাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করছেন এবং করে আসছেন। অথচ বিভিন্ন ক্ষেত্রে তারা অবহেলিত এবং নানা ধরনের বঞ্চনার শিকার হন। ফটোসাংবাদিকদের সংগঠনকে কীভাবে সহযোগিতা করা যায়, সরকারের সক্ষমতার মধ্যে থেকে সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও প্রতিমন্ত্রী আশ্বাস দেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। গতকাল দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সহসভাপতি মশিউর রহমান সুমন ও জাহিদুল ইসলাম, সহ সম্পাদক দেলোয়ার হোসেন বাদল, কোষাধ্যক্ষ নাসিম শিকদার, প্রচার সম্পাদক মো. সৌরভ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এম খোকন সিকদার, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, নির্বাহী সদস্য শফিকুল আলমসহ সাবেক সভাপতি এবিএম রফিকুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক নুরুউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় বিপিজেএর প্রধান কার্যালয়ের স্থায়ী বন্দোবস্তের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন জমা দিলে তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। বর্তমান জায়গায় ব্যবস্থা করা সম্ভব না হলে বিকল্প জায়গার বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনে মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করবেন বলেও তিনি জানান।

জুলাই প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনের পক্ষে যারা কাজ করেছেন এবং জুলাই যোদ্ধাদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের বিভিন্ন জায়গায় সুযোগ দেওয়ার বিষয়টি তিনি গুরুত্ব দেন। এ জন্য সংশ্লিষ্টদের একটি তালিকা দেওয়ার আহ্বান জানান।

সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও ইউনিয়নের নেতাদের সঙ্গে সরকার ধারাবাহিকভাবে মতবিনিময় করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর অংশ হিসেবে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে। তিনি বলেন, সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া শোনা এবং সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আলোচনা করতেই তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি ও সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের কীভাবে সহযোগিতা করা যায়, গণতন্ত্র ও ভোটের অধিকার কীভাবে সমুন্নত রাখা যায় এবং দেশের উন্নয়নে সাংবাদিকরা কীভাবে ভূমিকা রাখতে পারেন, সেসব বিষয় আলোচনায় গুরুত্ব পেয়েছে।

সাংবাদিকদের মতামতের ভিত্তিতে সরকার কী কী পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে একটি পরিকল্পনা নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে দেশের উন্নয়নে সাংবাদিকদের সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।

সভায় বিপিজেএ সভাপতি একেএম মহসীন ফটোসাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন। তিনি সরকারি বিভিন্ন দপ্তরে ফটোসাংবাদিক নিয়োগ, জুলাই আন্দোলনে ফটোসাংবাদিকদের ভূমিকার স্বীকৃতি এবং বিভিন্ন দপ্তরে এখনও অবস্থান করা ফ্যাসিস্টদের চিহ্নিত করার দাবি জানান। এ ছাড়া ফটোসাংবাদিকদের জন্য একটি ফটো ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং সংগঠনের প্রধান কার্যালয়ের স্থায়ী বন্দোবস্তের দাবি জানান।