জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে
বললেন রিজভী
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন (কপ-৩১) থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারবে বলে আশাব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের উদ্দেশে রওনা হন। বিমানবন্দরে তাদের বিদায় জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।
রুহুল কবির রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ২১ সদস্যের প্রতিনিধি দল তুরস্কে যাচ্ছে। এমন সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রীর এই সম্মেলনে অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে 'গ্রিন প্রধানমন্ত্রী' হিসেবে সমাদৃত উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ বিএনপির নির্বাচনী ইশতেহারেও ছিল। মানবজাতি আজ বিপন্ন পরিবেশগত পরিস্থিতির মুখোমুখি উল্লেখ করে রিজভী আরও বলেন, কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমিয়ে আনতে বিশ্বনেতা ও পরিবেশ বিশেষজ্ঞদের আলোচনা থেকে একটি কার্যকর সমাধান বেরিয়ে আসবে।
