নারীদের ফুসফুসের ক্যানসার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য ডেস্ক

দীর্ঘদিনের ধূমপায়ী পুরুষদেরই ফুসফুসের ক্যানসার হয়— সাধারণত এ ধারণা সবার। অথচ বাস্তবতা হলো, নারীরাও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হতে পারেন। এমনকি যিনি জীবনে কখনো ধূমপান করেননি, তারও এ রোগ হতে পারে। পরামর্শ দিয়েছেন এভারকেয়ার হাসপাতাল, ঢাকার রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আরমান রেজা চৌধুরী।
ধূমপান না করলেও ফুসফুসের ক্যানসার : এটা ঠিক যে ধূমপান ফুসফুসের ক্যানসারের প্রধান ঝুঁকি। তবে একমাত্র কারণ নয়। স্বামী বা পরিবারের অন্য সদস্যের ধূমপানের ধোঁয়া নিয়মিত শ্বাসের সঙ্গে গ্রহণ করলেও ঝুঁকি বাড়ে। একে বলা হয় পরোক্ষ ধূমপান। বাংলাদেশের নারীদের ক্ষেত্রে ঘরের ভেতরকার বায়ুদূষণও দায়ী হতে পারে। কাঠ, কয়লা বা অন্যান্য জৈব জ্বালানি দিয়ে রান্নার সময় উৎপন্ন ধোঁয়ার দীর্ঘমেয়াদি সংস্পর্শ ফুসফুসের ক্ষতি করতে পারে। বিশেষ করে বদ্ধ রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকলে ঝুঁকি বাড়ে। এর পাশাপাশি বাইরের বায়ুদূষণ, কর্মক্ষেত্রে কিছু ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শ, পারিবারিক ইতিহাস এবং জিনগত পরিবর্তনও ভূমিকা রাখতে পারে।
গবেষণায় দেখা গেছে, ধূমপান করেন না— এমন ফুসফুসের ক্যানসার রোগীদের মধ্যে নারীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। বিশেষ করে এশীয় নারীদের একাংশের ফুসফুসের ক্যানসারে ইজিএফআর নামের জিনে পরিবর্তন পাওয়া যায়।
যে লক্ষণগুলো গুরুত্ব : ফুসফুসের ক্যানসারে প্রাথমিক পর্যায়ে অনেক সময় উপসর্গ থাকে না। উপসর্গ সাধারণ কাশি, অ্যালার্জি বা শ্বাসতন্ত্রের সংক্রমণ বলে মনে হতে পারে। দুই থেকে তিন সপ্তাহের বেশি কাশি, কাশির সঙ্গে রক্ত যাওয়া, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অকারণে ওজন কমে যাওয়া কিংবা বারবার ফুসফুসে সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
চিকিৎসায় পরিবর্তন : একসময় ফুসফুসের ক্যানসার মানেই নিশ্চিত মৃত্যু— এ ধারণা ছিল। আধুনিক চিকিৎসাব্যবস্থা সেই ধারণা বদলে দিয়েছে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে অস্ত্রোপচার বা নির্দিষ্ট ক্ষেত্রে অত্যন্ত নিখুঁত স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপির মাধ্যমে নিরাময়ের সুযোগ থাকে। রোগের ধরন ও পর্যায় অনুযায়ী কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি এবং লক্ষ্যভিত্তিক ওষুধ বা টার্গেটেড থেরাপি ব্যবহার করা হয়। ফুসফুসের ক্যানসারে মলিকুলার পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইজিএফআর, এএলকে, আরওএসআইয়ের মতো নির্দিষ্ট জিনগত পরিবর্তন পাওয়া গেলে লক্ষ্যভিত্তিক ওষুধ দেওয়া সম্ভব।
সচেতনতাই প্রতিরক্ষা : নারীদের ফুসফুসের ক্যানসার প্রতিরোধে ঘর ও কর্মক্ষেত্র ধূমপানমুক্ত রাখা, রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করা এবং বায়ুদূষণের সংস্পর্শ কমানো জরুরি।
