জনগণ বা সরকারের পক্ষে নয়, তথ্য কমিশন থাকবে 'নিরপেক্ষ'
বললেন নাহরিন খান
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দুই বছরের বেশি সময় পর সচল হওয়া তথ্য কমিশনকে স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন নতুন প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খান। এই কর্মপরিকল্পনার অংশ হিসেবে আগামী ১৬ নভেম্বর থেকে কমিশনে জমে থাকা অভিযোগগুলোর শুনানি শুরু হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও স্কুল পর্যায়ে তথ্য অধিকার মেলা, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের প্রশিক্ষণ এবং সরকারি ও বিদেশি অনুদানের অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে তদারকির উদ্যোগ নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব পরিকল্পনা তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার।
কমিশনের অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে নাহরিন ইসলাম খান বলেন, আমাকে এখানে আসার পরে কয়েকটি প্রোগ্রামে সরাসরি প্রশ্ন করা হয়েছে যে, তথ্য কমিশনার, আপনাকে বলে যেতে হবে আপনি কি জনগণের পক্ষে থাকবেন, নাকি আপনি সরকারের পক্ষে থাকবেন?
আমার উত্তরটি খুবই দ্ব্যর্থহীনভাবে আবারও আপনাদেরকে বলতে চাই— তথ্য কমিশন জনগণের পক্ষে থাকবে না, তথ্য কমিশন সরকারের পক্ষে থাকবে না; তথ্য কমিশন নিরপেক্ষ থাকবে। তথ্য অধিকার আইনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রত্যেকটি আইন আসলে সরকার করে বা একটি রাষ্ট্র করে মানুষের ওপর প্রয়োগ করার জন্য। এটিই একমাত্র আইন, যে আইনটি একজন সাধারণ মানুষ সরকারের ওপর প্রয়োগ করতে পারে, জবাবদিহিতা তৈরি করতে পারে।
গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে তথ্য কমিশনকে শক্তিশালী করা জরুরি মন্তব্য করে তিনি বলেন, আমরা যে গণতন্ত্রের স্বপ্ন দেখেছি বা এই যে ১৭ বছর এত কিছু বলে গণতান্ত্রিক একটি সরকার ক্ষমতায় এসেছে, আমি মনে করি গণতন্ত্রের চর্চা চলতে গেলে তথ্য কমিশনকে অবশ্যই শক্তিশালী একটি জায়গায় যেতে হবে। কমিশনের জনবল সংকটের কথা তুলে ধরে নাহরিন ইসলাম খান বলেন, ১৫ তলা ভবনে কমিশনের সাংগঠনিক কাঠামো অনুযায়ী ৭৬ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা। কিন্তু বর্তমানে আছেন মাত্র ২২ জন। সীমিত জনবল ও নানা প্রতিবন্ধকতার মধ্যেই নিরপেক্ষ ও শক্তভাবে কাজ করতে ১০০ দিনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
কমিশনের প্রথম কাজ মানুষকে এর কার্যক্রম সম্পর্কে জানানো এবং সাধারণ মানুষের জন্য এর দরজা খোলা— এ মন্তব্য করে প্রধান তথ্য কমিশনার বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে চাকরি মেলা বা ক্যারিয়ার মেলার আদলে 'আরটিআই মেলা' (তথ্য অধিকার মেলা) আয়োজন করা হবে।
নভেম্বরের শেষ দিকে ঢাকার তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক সপ্তাহব্যাপী এ মেলা হবে। শিক্ষার্থীরা তথ্য অধিকার আইনের মাধ্যমে কীভাবে আইনগতভাবে নিজেদের দাবি-দাওয়া আদায়ের উদ্যোগ নিতে পারেন, সে বিষয়ে সেখানে জানতে পারবেন।
শিক্ষার্থীদের মধ্যে মব জাস্টিসের প্রবণতা ঠেকাতে আইনসম্মতভাবে অধিকার আদায়ের ধারণা ছড়িয়ে দেওয়াও এ উদ্যোগের উদ্দেশ্য বলে জানান তিনি।
সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান নাহরিন ইসলাম খান। তার ভাষায়, প্রতিবাদের নামে যেন রাজপথ বন্ধ বা মব তৈরি না হয়, সে বিষয়ে সচেতনতা তৈরি করা হবে।
তথ্য অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতায় আগামী সপ্তাহ থেকে স্কুলগুলোতেও তথ্য মেলার আয়োজন করা হবে বলে জানান তিনি।
প্রধান তথ্য কমিশনার বলেন, গত দুই বছরে কমিশনে ৯১৭টি অভিযোগ জমা পড়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে নিজস্ব এজলাসে এসব অভিযোগের শুনানি শুরু হবে।
নাহরিন ইসলাম খান বলেন, ১৮ অক্টোবর দায়িত্ব নেওয়ার পর থেকে কয়েক দিনের মধ্যে আরও দুই শতাধিক অভিযোগ জমা পড়েছে। মানুষের মধ্যে তথ্য পাওয়ার অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি হওয়ায় অভিযোগের সংখ্যা বাড়ছে বলে মনে করেন তিনি।
সরকারি ও বিদেশি অনুদানের অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাজেটের তথ্য প্রকাশ করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান নাহরিন ইসলাম খান। তিনি বলেন, একটি টাকা যদি খরচ হয়, সেই টাকাটি আমার এবং আপনার। আমার এবং আপনার টাকা কোথায় খরচ হচ্ছে, সেটি জানার অধিকার আমাদের আছে।
যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাজেটের তথ্য থাকবে না, তাদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান নাহরিন ইসলাম খান। বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা তৈরির উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার।
নাহরিন ইসলাম খান, এখন পর্যন্ত শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ধরনের নীতিমালা তৈরি করেছে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে নীতিমালা তৈরিতে সহায়তা করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে।
১০০ দিনের কর্মসূচির পর আগামী বছর জেলা পর্যায়ে তথ্য কমিশনের কার্যালয় খোলার চেষ্টা করা হবে। পাশাপাশি অভিযোগ গ্রহণের পর স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর কাছে প্রাপ্তিস্বীকার পাঠানোর ব্যবস্থা করতে ডিজিটালাইজেশন ও অটোমেশনের কাজ শুরু হবে।
তথ্য মন্ত্রণালয়ে গিয়ে কমিশনারদের যোগদান নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে প্রশ্ন করা হলে নাহরিন ইসলাম খান বলেন, তথ্য কমিশন একটি স্বাধীন সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। অর্থায়নের বিষয়টি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে কমিশন তথ্য মন্ত্রণালয়ের অধীন নয়।
নিয়োগপত্রে উল্লেখ থাকায় তারা মন্ত্রণালয়ে গিয়ে যোগদান করেছেন জানিয়ে তিনি বলেন, এতে রাষ্ট্রীয় কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি বা কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়নি। দায়িত্ব নেওয়ার পর তথ্য মন্ত্রণালয়সহ কেউই তাদের কাজে হস্তক্ষেপ করেনি।
প্রেস ব্রিফিংয়ে তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান বলেন, সাধারণ মানুষের তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশি। সে কারণে গণমাধ্যম তথ্য কমিশনের গুরুত্বপূর্ণ অংশীজন।
তথ্যপ্রবাহে ভুল ও বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকির কথা তুলে ধরে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পৃথিবীকে বদলে দিচ্ছে। তবে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য ও তথ্য বিকৃতির কারণে ঝুঁকিও তৈরি হচ্ছে। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য তথ্যপ্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে। অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্যপ্রাপ্তির বাধা তৈরি হলে কমিশনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যপ্রবাহে যেখানেই বাধা আসবে, সাংবাদিকরা তা তুলে ধরে কমিশনের সহায়তা নিতে পারেন।
তথ্য অধিকার আইনের আওতা বেসরকারি খাত পর্যন্ত সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও বলেন এস এ এম মাহফুজুর রহমান। তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। এসব প্রতিষ্ঠানও কোনো না কোনোভাবে সরকারি সুযোগ-সুবিধা নেয় এবং জনগণের করের অর্থের সঙ্গে সম্পৃক্ত। তাই আইনের সীমাবদ্ধতাগুলো পর্যালোচনা করে একে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করার উদ্যোগ নেওয়া হবে। আরেক তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, গণতন্ত্র বিকাশের প্রধান পূর্বশর্ত বাকস্বাধীনতা নিশ্চিত করা। আর তথ্য জানার অধিকার বাকস্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। জনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
দুই বছরের বেশি সময় কার্যত অচল থাকার পর সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার এবং সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনকে তথ্য কমিশনার নিয়োগ দেয় সরকার।
