হামের উপসর্গে আট মাসে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে ১ হাজার ২৯৯ জনের প্রাণ গেছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। আর মার্চের মাঝামাঝি থেকে হামের উপসর্গ নিয়ে ২ লাখ ১৮ হাজার ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাম নিয়ে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৮৮০ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে হাম নিয়ে প্রাণহানি ও হাসপাতালে ভর্তির এই চিত্র তুলে ধরা হয়েছে। বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায়ও হামের উপসর্গ নিয়ে চারজন মারা গেছে। এর মধ্যে সিলেট বিভাগে দুইজন, ঢাকা বিভাগে একজন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছেন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৩৮৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সারিতে ঢাকা বিভাগের পরই রয়েছে সিলেট বিভাগ, সেখানে ২১০ জনের প্রাণ গেছে। এরপর চট্টগ্রামে ১২০ জন, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯২, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে প্রায় ২ হাজার
দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এইডিস মশাবাহিত রোগটি নিয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৬০ জন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৮২ জনের প্রাণ গেল। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।
অপরদিকে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে ৯২৪ জন, চট্টগ্রামে ২৬১, বরিশালে ১৮৫, খুলনায় ২২৪, রাজশাহী ২১৬, রংপুর বিভাগে ৬৩, ময়মনসিংহে ৭৬ ও সিলেটে ১১ জন ভর্তি হন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
