কোয়ান্টাম ব্যাম্বোরিয়াম

দুই শতাধিক প্রজাতির বাঁশের অনন্য উদ্যান

শুক্রবারের বিশেষ খবর

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজী মুনছুর আজিজ

প্রকৃতি ও প্রাণের পরিচর্যা এবং বিকাশে কোয়ান্টাম ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই। সারাদেশে বৃক্ষরোপণ কোয়ান্টামের নিয়মিত কার্যক্রমগুলোর একটি। এরই ধারাবাহিকতায় নানা জাতের দেশি-বিদেশি বাঁশ সংরক্ষণ এবং তা নিয়ে গবেষণার জন্যে ২০০৬ সালে ৩০ প্রজাতির বাঁশ নিয়ে বান্দরবানের লামায় প্রতিষ্ঠিত হয় বাঁশ গবেষণাগার ব্যাম্বোরিয়াম।

পৃথিবীতে প্রায় ১৩৯টি গণ-এর অধীনে ১৮২১ প্রজাতির বাঁশ পাওয়া যায়। এ পর্যন্ত দেশ ও দেশের বাইরে থেকে দুই শতাধিক প্রজাতির বাঁশ সংগ্রহ করা হয়েছে এ গবেষণাগারের জন্য।

ফাঁপা কান্ডবিশিষ্ট কয়েক প্রজাতির ঘাসজাতীয় উদ্ভিদ বাঁশ। অধিকাংশ প্রজাতির বাঁশ আকারে লম্বা ও যৌগিক ধরনের হয়ে থাকে। বহু বছর ধরে অঙ্গজ প্রজননের মাধ্যমে এটি বৃদ্ধি পায়। বাঁশের ফুল ধারণের বিষয়টি অনিশ্চিত স্বভাবের। তিন বছর থেকে ১২০ বছরের জীবনচক্রে ফুল আসতে পারে, অধিকাংশ ক্ষেত্রে ১৫ থেকে ৬০ বছরের ব্যবধানে বাঁশ ফুল ধারণ করে। রঙিন ফুল ফোটার পর সাধারণত এ উদ্ভিদ মারা যায়।

বাঁশের ব্যবহারিক প্রয়োগ অত্যন্ত ব্যাপক। গ্রামীণ জনগোষ্ঠীর নিকট এর গুরুত্ব অপরিসীম; যা গৃহের কাঠামো, ছাউনি, সাঁকো, মঞ্চ, মই, মাদুর, ঝুঁড়িসহ দৈনদিন ব্যবহার্য বিবিধ জিনিসপত্র তৈরির কাজে ব্যবহৃত হয়। হস্তশিল্প ও কুটির শিল্পের বিকাশে বাঁশ একটি গুরুত্বপূর্ণ উপাদান।

উষ্ণমন্ডলীয় এলাকার দেশগুলোতে কাগজ তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ। বাঁশঝাড় ঝড়ো হাওয়া প্রতিরোধ এবং ভূমিক্ষয় রোধ করে। কচি বাঁশের ডগা মুখরোচক সবজি হিসেবে খাওয়ার উপযোগী যা স্থানীয়ভাবে 'বাঁশ কোরাল' নামে পরিচিত। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদে এটি একটি ঐতিহ্যবাহী খাবার। পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাঁশ। উদ্ভিদটির অর্থনৈতিক উপকারিতাও ব্যাপক। বাঁশের বীজ সংরক্ষণ, চারা উৎপাদন, বিলুপ্তপ্রায় প্রজাতিগুলোর রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে কোয়ান্টাম ব্যাম্বোরিয়াম।

কোয়ান্টাম ব্যাম্বোরিয়ামের কিউরেটর সাইফুদ্দিন সাইফ বলেন, 'বাঁশ 'বাংলাদেশে এ শব্দটাই বেশ সংবেদনশীল এবং নেতিবাচক উপমায় ব্যবহার হয়। বাঙালির জীবনে বাঁশের ব্যঙ্গাত্মক ব্যবহার এত বেশি যে, 'কাউকে বাঁশ দিয়েছি', 'বাঁশ খেয়েছি' এ সরল স্বীকারক্তিগুলো একেবারে প্রবাদ পর্যায়ে চলে গেছে। তবে বাঁশ দেওয়া— বাঁশ খাওয়া শব্দটি শুধুমাত্র বাংলাতেই ব্যবহৃত হয়ে থাকে। এর ইংরেজি প্রতিশব্দ নেই। উপরন্তু জনপ্রিয় চাইনিজ প্রবাদ, Like Bamboo, the higher you grow, the lower you bow থেকে আমরা বলতে পারি, বাঁশ আমাদের বিনয় শিক্ষা দেয়। আমাদের দৈনন্দিন জীবনে শুধু বাঁশ দেওয়া-নেওয়া চললেও সত্যিকার অর্থে বাঁশের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম।

বাঁশ আমাদের চির পরিচিত বনজ সম্পদ। বাঁশ হলো 'পোয়াসি' গোত্রভুক্ত এক ধরণের বৃক্ষসদৃশ ঘাস। এটি একটি দ্রুত বর্ধনশীল বহুবর্ষজীবী উদ্ভিদ, যা দীর্ঘাকৃতির, বিস্তৃত এবং বহুমুখী ব্যবহারের উপযোগী; এর বৈশিষ্ট্য হলো প্রতি বছর নতুন কাণ্ড বা বাঁশ গজানোর ক্ষমতা। পরিবেশবান্ধব হওয়া এবং প্রচুর পরিমাণে জৈব-ভর উৎপাদনের পাশাপাশি মাটির স্বাস্থ্য রক্ষা ও ভূমিক্ষয় রোধে ভূমিকা রাখার কারণে এটি কাঠের একটি সহজ বিকল্প হিসেবে বিবেচিত হয়। বাঁশের সঙ্গে আমাদের আদিবাসী— সংস্কৃতির সম্বন্ধ সেই আদিকাল থেকে। শিল্পকাজে, ব্যবহারিক জীবনে, খাদ্য সামগ্রী ও ভেষজগুণে বাঁশের চাহিদা সারা বিশ্বে ক্রমর্বধমান। পৃথিবীব্যাপী বাঁশের চাষাবাদ যেমনি বাড়ছে, তেমনি প্রতিনিয়ত বাঁশ নিয়ে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনসহ উন্নতমানের দৃষ্টিনন্দন শিল্পসামগ্রী তৈরি হচ্ছে। বিশ্বায়নের যুগে বাড়ছে বাঁশজাত পণ্যের বাণিজ্যিক সম্ভাবনাও। বর্তমান বিশ্বে বাঁশের বাজার প্রায় শত বিলিয়ন ডলারের, যেটা অদূর ভবিষ্যতে বহুগুণ বৃদ্ধি পাবে। আমরা বিশ্বাস করি, নতুন প্রজন্মকে প্রকৃতির প্রতি কৌতুহলী ও দায়িত্ব-সচেতন করে তুলবে এ অনন্য বাঁশ উদ্যান।