নগর পরিকল্পনায় উপেক্ষিত স্থানীয় সরকার
নগর সংলাপে বিশেষজ্ঞরা
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
নগর উন্নয়নের পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে উপেক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, কেন্দ্রীয় উন্নয়ন কর্তৃপক্ষের একক সিদ্ধান্ত, আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক দলীয়করণের কারণে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো কার্যকারিতা হারাচ্ছে। সিটি কর্পোরেশনকে ময়লা পরিষ্কার ও মশা নিধনের সংস্থায় পরিণত করা হচ্ছে। এতে নগর পরিকল্পনায় নাগরিকদের অংশগ্রহণ কমার পাশাপাশি বাড়ছে অবকাঠামোগত সংকট ও নাগরিক দুর্ভোগ।
গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত 'পরিকল্পিত ও টেকসই নগরায়ণে স্থানীয় সরকারের ভূমিকা' শীর্ষক নগর সংলাপে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য দেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম, সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল, দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার হেলিমুল আলম, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সাবেক সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ ও সহ-সভাপতি ফয়সাল খান প্রমুখ।
সংলাপ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ সাংবাদিককে বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হয় এবং 'ঢাকাই' ম্যাগাজিনের ৬ষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এবারের বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ডে অনলাইন ও প্রিন্ট বিভাগে নগর সংস্থার সেবা ও দুর্ভোগ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা মেইলের মোস্তাফিজুর রহমান, নগর সংস্থার অনিয়ম ও দুর্নীতি ক্যাটাগরিতে কালের কণ্ঠের মো. জাহিদুল ইসলাম ও এশিয়া পোস্টের লতিফুল ইসলাম, নগর পরিকল্পনা ক্যাটাগরিতে ডেইলি সানের রাশেদুল হাসান এবং টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর গিয়াসউদ্দিন সজিব।
ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় পার হলেও নগর ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। ২০২৬ সালের অক্সফোর্ড ইকোনমিকস গ্লোবাল সিটিজ র্যাংকিংয়ে বিশ্বের এক হাজার শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫৭৫তম। অন্যদিকে ময়মনসিংহের স্কোর ১০০-এর মধ্যে মাত্র ১৮ দশমিক ৭।
তিনি বলেন, আবাসিক এলাকায় আগে চার-পাঁচতলা ভবনের অনুমোদন থাকলেও উন্নয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ১৪ তলা ভবন নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে। এতে কয়েক হাজার মানুষের জায়গায় কয়েক গুণ বেশি মানুষের বসবাসের চাপ তৈরি হচ্ছে। কিন্তু পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন ও সড়ক অবকাঠামোর সক্ষমতা বাড়াতে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে না।
আদিল মুহাম্মদ খান বলেন, রাজনৈতিক দলীয়করণ ও আমলাতান্ত্রিকতার কারণে স্থানীয় সরকারের প্রতি নাগরিকদের আস্থা কমেছে। নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলার না থাকায় পার্ক ও খেলার মাঠ দখল কিংবা সড়ক কাটাকাটির মতো সমস্যায় নাগরিকরা কার্যকর প্রতিকার পাচ্ছেন না।
প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন শ্রেণি-পেশার নির্দলীয় নাগরিকদের নিয়ে ১০ থেকে ১২ সদস্যের ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। সিটি করপোরেশনকে শুধু ময়লা পরিষ্কার ও মশা নিধনে সীমাবদ্ধ না রেখে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়ের ক্ষমতা দেওয়ারও দাবি জানান।
