ফ্যাসিবাদ রোধে পথে পথে ব্যারিকেড তৈরি হবে : রিজভী

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিবাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রতিরোধে জাতীয়তাবাদী শক্তি মাঠে থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারা দেশে গণমানুষ পথে পথে, মোড়ে মোড়ে ব্যারিকেড তৈরি করবে। গতকাল শনিবার দুপুরে রাজধানীতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের এক বিক্ষোভ মিছিল শেষ সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শাহবাগ পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়। সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের জ্বালাও-পোড়াও এবং ককটেল হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে যুবদল।

আওয়ামী লীগের (রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ) নেতারা বিদেশে সুখেই আছেন উল্লেখ করে রিজভী বলেন, তাদের কেউ কলকাতায়, কেউ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় ঘুরে বেড়াচ্ছেন। আর দেশে তৃণমূলের টোকাই নেতা-কর্মীদের হাতে বোমা দিয়ে আতশবাজি করা হচ্ছে। এসব আতশবাজিতে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ভয় পায় না।

রুহুল কবির রিজভী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, আপনার গুম, খুনের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছে। তারা ভয় পায় না, মাথানত করেনি। তিনি বলেন, এই বিক্ষোভ অন্যায়ের বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, রক্তপিপাসু শেখ হাসিনার বিরুদ্ধে।