আতঙ্ক বাড়াচ্ছে হাম-ডেঙ্গু

এক দিনে ১৬ জনের মৃত্যু

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে নতুন করে আবারও আতঙ্ক ছড়াচ্ছে হাম ও ডেঙ্গু। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে হামে আটজন ও ডেঙ্গুতে আট জন মারা গেছেন। সরকারি হিসাব অনুযায়ী, গত মার্চের মাঝমাঝি হতে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩১৪ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০৯ জন। এছাড়া নিশ্চিতভাবে হাম নিয়ে মারা গেছে ১০৫ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ছয় জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৪২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৪ জন, চট্টগ্রামে ১২১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৮ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৪১৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ১৫৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৯২ জন। যার মধ্যে ঢাকা বিভাগে ৪৭৬ জন, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৭, বরিশালে ৯৪, খুলনায় ১০১, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ ও রাজশাহীতে ৪৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ১২ হাজার ৪০২ জন। বুলেটিন অনুসারে চলতি বছর হাম উপসর্গে রোগীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। যার মধ্যে ২৫ হাজার ২৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই

দেশে গত এক দিনে ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। এইডিস মশাবাহিত রোগটিতে এ নিয়ে চলতি বছর ৪৯৯ জনের প্রাণ গেল। আর গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৯৫২ জনকে নিয়ে চলতি বছর এ রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল রোববার জানিয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। অপরদিকে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ৮৭৩ জন ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, বরিশাল বিভাগে ২০৯ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন।