সুসংবাদ প্রতিদিন

আমনের সোনালি শীষে কৃষকের স্বপ্ন

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ওসমান গনি, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় আমন ধানের ন্যায্যমূল্য চান কৃষকরা। চান্দিনা উপজেলা কৃষি অফিসের ওয়েবসাইটের হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৯ হাজার ১২৪ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় এ বছর ধানের ফলন অত্যন্ত সন্তোষজনক হয়েছে। মাঠজুড়ে এখন পাকা ধানের সোনালি শীষের সমারোহ, যা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। আর মাত্র কদিন পরেই শুরু হবে ধান কাটা ও মাড়াইয়ের উৎসব। অথচ এই সোনালি ফসলের হাসি ম্লান হয়ে যাচ্ছে উৎপাদন খরচ ও বাজারমূল্যের চরম বৈষম্যে।

চলতি মৌসুমে আমন চাষের শুরু থেকেই কৃষকদের নানা লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার কিছু কিছু জমিতে ইঁদুরের ব্যাপক আক্রমণ দেখা দিয়েছিল, যা কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। তবে সময়মতো উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতা ও পরামর্শে কৃষকরা বিভিন্ন জৈবিক ও দমন পদ্ধতি অবলম্বন করে ইঁদুর নিধন করতে সক্ষম হন। ফলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ফসলের বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। সব ধরনের বাধা-বিপত্তি ও প্রাকৃতিক চ্যালেঞ্জ পেরিয়ে যখন সোনালি ফসল ঘরে তোলার সময় এসেছে, তখন কৃষকদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা যাওয়ার কথা ছিল। কিন্তু কৃষকদের সেই আনন্দ ফিকে হয়ে আসছে উৎপাদিত ফসলের সঠিক মূল্য না পাওয়ার আশঙ্কায়। মাঠে দাঁড়িয়ে আলাপকালে কৃষকরা জানান, এ বছর আমন ধান চাষে সার, বীজ, কীটনাশক, সেচ ও কৃষিশ্রমিকের মজুরি বাবদ খরচ অতীতের তুলনায় অনেক বেশি হয়েছে। বর্তমান সময়ে কৃষিকাজ একটি অত্যন্ত ব্যয়বহুল খাতে পরিণত হয়েছে। অথচ এই উচ্চমূল্যে উৎপাদিত ধান যখন তারা বাজারে বিক্রি করতে যান, তখন আশানুরূপ দাম পান না। বাজারে ধানের যে দর পাওয়া যায়, তাতে উৎপাদন খরচ তো দূরের কথা, অনেক সময় আসল টাকাই ওঠে না। এর প্রধান কারণ হিসেবে কৃষকরা স্থানীয় মধ্যস্বত্বভোগী ও দালাল চক্রের দৌরাত্ম্যকে দায়ী করছেন। সরকার কর্তৃক প্রতিবছর খোলা বাজার থেকে সরাসরি ধান কেনার জন্য একটি নির্দিষ্ট ও ন্যায্য মূল্য নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু মফস্বল এলাকার সাধারণ কৃষকরা সরকারি এই সুবিধার সুফল থেকে বঞ্চিত হন। স্থানীয় পর্যায়ে কিছু সংখ্যক অসাধু দালাল ও সিন্ডিকেটের কারণে কৃষকরা সরকারি মূল্যে ধান বিক্রি করতে পারেন না। বাধ্য হয়ে তাদের নামমাত্র মূল্যে স্থানীয় ফড়িয়া ও ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করতে হয়। সরকারি গুদামে ধান দেওয়ার প্রক্রিয়া ও শর্তের জটিলতার সুযোগ নেয় এই চক্রটি। ফলে প্রকৃত কৃষকরা তাদের ঘাম ঝরানো পরিশ্রমের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হন এবং বছরজুড়ে ঋণের বোঝা টানতে বাধ্য হন। মাঠের পর মাঠ সোনালি ধানের শীষ বাতাসে দুলছে, যা দেখে যে কারও মন জুড়িয়ে যাওয়ার কথা। কিন্তু যে কৃষকের অক্লান্ত পরিশ্রমে এই ধান ফলেছে, তার বুকজুড়ে রয়েছে অব্যক্ত হতাশা ও দীর্ঘশ্বাস। কৃষকদের মতে, যদি ধানের এই ন্যায্যমূল্য নিশ্চিত না করা যায়, তবে আগামীতে কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নেবেন অনেকে। তাই দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষকের বাঁচা-মরার প্রশ্নটি মাথায় রেখে স্থানীয় প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন। মফস্বল এলাকার প্রান্তিক কৃষকদের কষ্টার্জিত ধানের সঠিক মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে এবং দালাল চক্রের সিন্ডিকেট ভাঙতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন চান্দিনার সর্বস্তরের কৃষকরা।