সাত প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্থগিত করতে ইউএনওর চিঠি
এখতিয়ার নিয়ে প্রশ্ন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ভালুকার সাতটি প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতনভাতা স্থগিতের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। চলতি বছরের এসএসসি ও সমানের পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে থাকায় এ চিঠি দেওয়া হয়েছে। ভালুকা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
তবে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি বা উপজেলা প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকেরা। তারা বলছেন, বেতনভাতা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে কেবল শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অধিদপ্তর।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটির সভাপতিদের গত রোববার এই চিঠি দেন ভালুকার ইউএনও মো. ফিরোজ হোসেন। এতে বলা হয়, এ বছরের এসএসসি বা সমমানের পরীক্ষায় আপনার প্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে। শিক্ষার মান উন্নয়নে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভার সিদ্ধান্ত মোতাবেক আপনার প্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষায় ভালুকায় পাসের হার ৬০ দশমিক ৭৮ শতাংশ। কিন্তু উপজেলার শহীদ কুতুব উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে ৩৭ জন পরীক্ষা দিয়ে ৯ জন পাস করে। পাসের হার ২৪ শতাংশ। পাঁচগাঁও সানরাইজ উচ্চবিদ্যালয় থেকে ৩৯ জন পরীক্ষা দিয়ে ৯ জন পাস করে। পাসের হার ২৩ শতাংশ। মোস্তফা মতিন উচ্চবিদ্যালয় থেকে ২০ জন পরীক্ষা দিয়ে পাঁচজন পাস করে। পাসের হার ২৫ শতাংশ।
এটি শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের কোনো নির্দেশনা নয়। এটা এখতিয়ারের চেয়ে সম্মিলিত সিদ্ধান্তের বিষয়। কমিটির সম্মিলিত সিদ্ধান্তে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভালুকায় এ বছর দাখিল পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে উপজেলার ধামশুর নুরানী দাখিল মাদ্রাসা থেকে ৩৭ জন পরীক্ষা দিয়ে ছয়জন পাস করে। পাসের হার ১৬ দশমিক ২২ শতাংশ। রাজৈ স্বজনগাঁও দাখিল মাদ্রাসা থেকে ২০ জন পরীক্ষা দিয়ে পাঁচজন পাস করে। পাসের হার ২৫ শতাংশ। মেদুয়ারী দাখিল মাদ্রাসা থেকে ২৭ জন পরীক্ষা দিয়ে চারজন পাস করে। পাসের হার ১৪ দশমিক ৮১ শতাংশ।
এ ছাড়া ভালুকায় কারিগরি বোর্ডের অধীন সাতটি প্রতিষ্ঠানের এসএসসিতে এ বছর পাসের হার ৭৭ দশমিক ৬৯ শতাংশ। তবে মধ্যে বাটাজোড় বিএম উচ্চবিদ্যালয় থেকে ২৭ জন পরীক্ষা দিয়ে সাতজন পাস করেছে। পাসের হার ২৫ দশমিক ৯২ শতাংশ।
মোস্তফা মতিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত। আগের বছরগুলোতে তাদের ফলাফল ভালো ছিল, এমনকি শতভাগ শিক্ষার্থীও পাস করেছে। এবার শিক্ষার্থীদের দুর্বলতাই খারাপ ফল হওয়ার প্রধান কারণ বলে মনে করেন তিনি।
শিক্ষকদের বেতন-ভাতা স্থগিতসংক্রান্ত চিঠির বিষয়ে ওবায়দুর রহমান বলেন, এ ধরনের সিদ্ধান্ত তারা প্রত্যাশা করেননি। বেতন-ভাতা বন্ধ করার এখতিয়ার উপজেলা প্রশাসনের আছে কি না, তা নিয়েও তার প্রশ্ন রয়েছে। এ ধরনের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অধিদপ্তরের। উপজেলা প্রশাসন কী বিধি অনুসরণ করে এমন সিদ্ধান্ত নিয়েছে, তা তার বোধগম্য নয়।
মেদুয়ারী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মো. আবদুল ওয়াহাব বলেন, 'গত বছর আমাদের ৮০ শতাংশের বেশি পাসের হার ছিল। এবার কীভাবে কী হলো বুঝতে পারছি না। আমাদের প্রতিষ্ঠানে ১৫ জন শিক্ষক রয়েছেন। তাঁদের বেতন-ভাতা স্থগিতে উপজেলা প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠিক হয়নি, আলোচনা করে নিলে ভালো হতো।'
এ বিষয়ে জানতে চাইলে ভালুকার ইউএনও ফিরোজ হোসেনের সঙ্গে কথা বলে প্রথম আলো। তিনি বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্থানীয় সংসদ সদস্য শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। এর অংশ হিসেবে ৩০ শতাংশের কম পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিও বাতিলের প্রস্তাবও তিনি সভায় উপস্থাপন করেন। তবে এমপিও বাতিল করা হলে প্রতিষ্ঠানগুলো পুনরায় এমপিওভুক্ত হতে জটিলতায় পড়তে পারে— এ বিবেচনায় আপাতত এমপিও বাতিল না করে শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটি বা উপজেলা প্রশাসন এ ধরনের সিদ্ধান্ত নিতে পারব কি না— এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, এটি শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের কোনো নির্দেশনা নয়। এটা এখতিয়ারের চেয়ে সম্মিলিত সিদ্ধান্তের বিষয়। কমিটির সম্মিলিত সিদ্ধান্তে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে বেতন-ভাতা বন্ধ করে শিক্ষার মান বাড়ানো যাবে কি না, সে প্রশ্নও উঠেছে। কারণ, শিক্ষকেরা বেতন না পেলে তাদের কাজের প্রতি অনীহা তৈরি হতে পারে। তাই প্রতিষ্ঠানগুলোকে মান উন্নয়নের সুযোগ দিয়ে জবাবদিহির মধ্যে আনার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, শুধু ৩০ শতাংশের কম পাস করা প্রতিষ্ঠান নয়, শিক্ষা বোর্ডের গড় ফলাফলের চেয়ে পিছিয়ে থাকা ভালুকার সব প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে চান তিনি। বেতন-ভাতা স্থগিতের মতো কঠোর পদক্ষেপ না নিয়ে প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার মানোন্নয়নে বাধ্য করার বিকল্প ব্যবস্থা নিতে তিনি সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করবেন।
