শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ হচ্ছে

বললেন শিক্ষামন্ত্রী

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বুধবার আজ জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তিনি জানান, এ বিষয়ে নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।

শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ অথবা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।

মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪৮টি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ হাজার ৩৩৩টি পদ শূন্য রয়েছে। সিরাজগঞ্জ-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের শূন্য পদ পূরণের লক্ষ্যে শূন্য পদের তালিকা প্রস্তুত করে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রস্তাব পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য পাঠানো হয়েছে। অন্যদিকে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

তিনি আশা প্রকাশ করেন, নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে শিক্ষক সংকটের কারণে ব্যাহত পাঠদান স্বাভাবিক হবে। শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অনুমোদিত ২৬ হাজার ৬৮১টি শিক্ষক পদের মধ্যে ১১ হাজার ৯৮৪টি পূরণ হয়েছে। বর্তমানে শূন্য রয়েছে ১৪ হাজার ৬৯৭টি পদ। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে অনুমোদিত ২ লাখ ৫০ হাজার ৩০৮টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪৩৫ জন। ফলে এসব প্রতিষ্ঠানে ১ লাখ ১ হাজার ৮৭৩টি শিক্ষক পদ শূন্য রয়েছে। শিক্ষক সংকট নিরসনে সরকারি নিয়োগ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, ৪৫তম ও ৪৯তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৪৬তম ও ৪৭তম বিসিএসের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এসব নিয়োগ প্রক্রিয়া শেষ হলে শূন্য পদ পূরণে অগ্রগতি হবে বলে তিনি উল্লেখ করেন। সাত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় ব্যয় করেছে ৯৮৬ কোটি টাকা

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো ২০২০-২১ থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত সাত বছরে গবেষণা কার্যক্রমে মোট ৯৮৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করেছে। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য সরওয়ার আলমগীরের (চট্টগ্রাম-২) লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছরে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা কার্যক্রমে ৭৮ কোটি ৮৮ লাখ টাকা, ২০২১-২২ অর্থবছরে ১১৮ কোটি ৭৯ লাখ টাকা, ২০২২-২৩ অর্থবছরে ১৪১ কোটি ১০ লাখ টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ১৬৫ কোটি ৩০ লাখ টাকা, ২০২৪-২৫ অর্থবছরে ২১১ কোটি ৬৫ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ২১৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করেছে।

তিনি জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রমে ২২৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৫৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। শিক্ষামন্ত্রী সংসদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে এবং সরাসরি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রমের জন্য দেওয়া বার্ষিক বরাদ্দের তথ্যও তুলে ধরেন।