সরকারই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে
জামায়াত সেক্রেটারি জেনারেল
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

সরকারের দুর্বলতা, প্রত্যক্ষ-পরোক্ষ মদদ এবং প্রশাসনের একাংশের পরিকল্পিত ভূমিকার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, দেশে সহিংস ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের পথ করে দেওয়া হচ্ছে। প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। গতকাল বুধবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে জরুরি সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এসব কথা বলেন পরওয়ার।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে রায় দিলেও সরকার তা অগ্রাহ্য করছে। জনগণের এই রায় উপেক্ষা করে একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনার চেষ্টা থেকেই বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে। 'অন্তত যে ৭০ ভাগ মানুষ, ৫ কোটি মানুষ তাদের বিশ্বাসের প্রতি সরকার যে বিশ্বাসঘাতকতা করল, তাদের তো আর এই সরকারের প্রতি আস্থা নেই,' বলেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইলসহ বিভিন্ন জেলায় সহিংসতা, থানা আক্রমণ, আসামি ছিনিয়ে নেওয়া, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে পরওয়ার বলেন, 'দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।' পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন স্থানে বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারি স্থাপনা রক্ষায় সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয় দায়িত্ব পালন করতে পারছে না।
'রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানগুলো ফেল করে যাচ্ছে, পুলিশ দায়িত্ব পালন করতে পারছে না। তাহলে এক্ষেত্রে রাষ্ট্র কি শুধু পুতুলের মতো দেখবেন?' প্রশ্ন রেখে তিনি রাষ্ট্রপতিকে জরুরি ভূমিকা পালনের আহ্বান জানান।
পরওয়ার বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির উচিত প্রয়োজনীয় ভূমিকা রেখে সরকারকে নির্দেশনা দেওয়া, যাতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়।
সরকারের প্রতি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে সরিয়ে দিতে হবে। অন্যথায় দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না। এ পরিস্থিতিতে দেশপ্রেমিক, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী জনগণ এবং সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতের কর্মসূচি ঘোষণা করে পরওয়ার বলেন, আগামী ২১ নভেম্বর রাজধানীতে সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি। ডিসেম্বরজুড়ে আরও কর্মসূচি আগামীকাল সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে। তিনি অন্য রাজনৈতিক দলগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করে ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে মাঠে নামার আহ্বান জানান।
জুলাই সনদের গণভোটের রায় মেনে নিলে জামায়াত তাদের লংমার্চসহ অন্যান্য কর্মসূচি প্রত্যাহার করবে জানিয়ে পরওয়ার বলেন, 'আপনারা গণভোটের গণরায় মেনে নেন, আমরা কালকে থেকে আমাদের সব লংমার্চ প্রত্যাহার করে দেবো। ঘোষণা দেন, ৭০ ভাগ মানুষের রায়কে আমি মেনে নিলাম।' গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো সংসদীয় প্রক্রিয়ায় সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সকালে রাজধানীর জামায়াত কার্যালয়ে দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
