বুড়িগঙ্গার পাড়ের প্লাস্টিক বর্জ্য অপসারণ
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বুড়িগঙ্গা নদীর তীরজুড়ে জমেছে প্লাস্টিক বর্জ্যের বিশাল স্তূপ। নদীর তীর থেকে এসব বর্জ্য অপসারণে কাজ করছে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। বাবুবাজার সেতু থেকে কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে নদীর তীরে এসব বর্জ্য স্তূপ করে রাখা হয়েছে। সম্প্রতি এ এলাকার ইসলামবাগ অংশ থেকে ৩০০ টন বর্জ্য অপসারণ করা হলেও এখনও রয়ে গেছে আকাশচুম্বী বর্জ্যের স্তূপ। এতে নদীর পরিবেশ, জলজ জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।
সরেজমিন দেখা গেছে, নদীর তীরজুড়ে প্লাস্টিক বর্জ্যের বিশাল স্তূপ। দূর থেকে দেখলে মনে হয়, নদীর তীরজুড়ে ছোট-বড় অসংখ্য পাহাড় দাঁড়িয়ে আছে। নদীর তীরের ঠিক পাশ দিয়ে রয়েছে স্থানীয়দের যাতায়াতের সরু রাস্তা। রাস্তার অন্য প্রান্তে সারি সারি প্লাস্টিক কারখানা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাস্তার অপর পাশে প্রায় ১২ হাজার গলিতে ছোট-বড় অসংখ্য কারখানা রয়েছে। এসব কারখানায় পরিত্যক্ত প্লাস্টিক প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে নতুন পণ্য।
কারখানার শ্রমিকরা জানান, এসব কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় শহর থেকে সংগ্রহ করা পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, জগের টুকরা, পলিথিন ও বিভিন্ন ধরনের স্ক্র্যাপ। সংগৃহীত বর্জ্যগুলোকে এনে প্রথমে নদীর তীরের খালি জায়গায় ফেলা হয়। সেখানে বাছাই করে পুনরায় গলিয়ে পণ্য তৈরির উপযোগী প্লাস্টিক আলাদা করা হয়। পরে সেগুলো রাস্তার অন্য পাশে অবস্থিত কারখানায় নিয়ে যাওয়া হয়।
সরেজমিন দেখা যায়, যেসব প্লাস্টিক পুনর্ব্যবহারের উপযোগী নয়, সেগুলো নদীর তীরেই পড়ে থাকে। দীর্ঘদিন ধরে এভাবে বর্জ্য জমতে জমতে তৈরি হয়েছে বিশাল স্তূপ। একপর্যায়ে এসব বর্জ্যের একটি অংশ নদীতে গিয়ে পড়ছে। পরিবেশবিদরা বলছেন, জমে থাকা এসব প্লাস্টিক বর্জ্য ধীরে ধীরে নদীর পানিতে গিয়ে পড়ছে। এতে নদীর পানির গুণগত মান, জলজ জীববৈচিত্র্য ও সামগ্রিক প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্যসচিব শরীফ জামিল বলেন, বুড়িগঙ্গা নদীর পানি এতটাই দূষিত যে শীতকালে এতে কোনো দ্রবীভূত অক্সিজেন থাকে না। ফলে নদীতে প্রাণের অস্তিত্বও থাকে না।
নদীতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য ভেঙে সৃষ্ট মাইক্রোপ্লাস্টিক পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন গবেষণায় মাছসহ জলজপ্রাণীর শরীরে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। খাদ্যশৃঙ্খলের মাধ্যমে এসব মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরেও প্রবেশ করছে, যা জনস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। বুড়িগঙ্গার দূষণ রোধ ও নদী পুনরুদ্ধারের বিষয়ে শরীফ জামিল জানান, বিগত বিএনপি সরকারের সময় নদী পরিষ্কার ও খননের উদ্যোগ নেওয়া হলে নদীর তলদেশে সাত থেকে ১০ ফুট পলিথিনের স্তর পাওয়া যায়। এতদিনে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, নদী রক্ষায় জনসম্পৃক্ত ও বিজ্ঞানভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন এবং তা নিরপেক্ষভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। নদী পরিষ্কারের আগে দূষণ বন্ধ করতে হবে। শরীফ জামিল আরও বলেন, দূষণ বন্ধ করা গেলে, সময়ের সঙ্গে বর্ষাকালের পানিপ্রবাহেই নদী অনেকটা নিজেকে পরিষ্কার করতে পারবে।
বুড়িগঙ্গার পাড়জুড়ে প্লাস্টিক কারখানাগুলোতে কাজ করা শ্রমিকদের জীবনও দূষণের ঝুঁকির বাইরে নয়। নেত্রকোনা থেকে আসা শ্রমিক জাকির হোসেন জানান, এসব কারখানায় কর্মরত শ্রমিকদের একটি বড় অংশ সুনামগঞ্জ ও নেত্রকোনাসহ হাওর অঞ্চল থেকে এসেছেন। বর্ষা মৌসুমে হাওর অঞ্চল পানিতে তলিয়ে গেলে অনেকেই কর্মহীন হয়ে পড়েন। তখন জীবিকার সন্ধানে তারা এসব কারখানায় কাজ নেন।
তিনি জানান, তিনি তিন বছর ধরে সেখানকার কারখানায় কাজ করছেন। কাজের পরিবেশ এতটাই প্রতিকূল যে নিশ্বাস নিতেও কষ্ট হয়। প্লাস্টিকের রঙের গন্ধে বুকের ভেতর জ্বালাপোড়া করে।
প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে জাকির হোসেন আরও বলেন, সম্প্রতি সরকার সেখান থেকে প্লাস্টিক বর্জ্য সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে, যা ভালো। তবে এসব কারখানায় কর্মরত শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে তারা আর সেখানে কাজ করতে চাইবেন না।
এদিকে, সম্প্রতি বুড়িগঙ্গার পানি দূষণ বন্ধে লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকায় নদীর তীর থেকে সব ধরনের প্লাস্টিক বর্জ্য পুরোপুরি অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভবিষ্যতে যেন কেউ নদীর তীরে প্লাস্টিকসহ কোনো ধরনের বর্জ্য ফেলতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানি ও আদেশের দিন ঠিক করেছেন আদালত।
নদীর তীর থেকে এসব বর্জ্য অপসারণে কাজ করছে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়মিত অভিযান পরিচালনা করছে।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও ঢাকা নদীবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার বলেন, এরমধ্যেই ৩০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। বর্জ্য অপসারণ ও উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকার বর্জ্য অপসারণের কাজ চলছে।
তিনি বলেন, ওই এলাকায় প্রায় ২৫ লাখ মানুষের বসবাস। সেখানকার বর্জ্য নদীতে ফেলা হয়। এ কারণে নদীর তীর পরিষ্কার করে সেখানে বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি নদীর তীর বরাবর লোহার বেড়া দেওয়া হবে, যাতে মানুষ সেখানে বর্জ্য ফেলতে না পারে।
মোবারক হোসেন মজুমদার আরও বলেন, প্রধানমন্ত্রী ঢাকার চারপাশের নদীগুলোতে নৌপথ চালুর নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বিআইডব্লিউটিএ। শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার।
তিনি বলেন, শহরের বর্জ্যের বিনিময়ে বাজার নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে ডিএসসিসি। এরমধ্যেই তিনটি ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। এসব কর্মসূচিতে মানুষ প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে, এর বিনিময়ে নিজেদের পছন্দমতো চাল, আটা, তেল, চিনি, ডিম কিংবা পড়ালেখার সামগ্রী সংগ্রহ করেছেন।
তিনি আরও বলেন, এ কার্যক্রম স্থায়ী করতে একটি স্থায়ী স্টল স্থাপন করা হচ্ছে, যা আগামী সপ্তাহে উদ্বোধন করা হবে। বর্জ্য সংগ্রহের বর্তমান ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের পর নির্দিষ্ট স্থানে জড়ো করা হয়। পরে ট্রাকে করে সেগুলো সরিয়ে নেওয়া হয়। ফলে বর্জ্য নদীতে যাওয়ার সুযোগ নেই। বর্তমানে শহরের কোথাও বর্জ্য পড়ে থাকে না। তবে নদীর তীরের বাস্তব চিত্র তুলে ধরে স্থানীয় বাসিন্দারা বলছেন, নিয়মিত বর্জ্য অপসারণ করা হলেও মানুষের অসচেতনতা ও বর্জ্য ফেলার প্রবণতা বন্ধ না হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
বুড়িগঙ্গার সোয়ারীঘাট মাছের আড়তের পাশে চায়ের দোকান পরিচালনা করেন মো. জমির আলী। তিনি বলেন, এখানে নিয়মিত বর্জ্য অপসারণ করা হয়। কিন্তু মানুষ সচেতন না হলে কোনো উদ্যোগই কার্যকর হবে না। সকালে নদীর পাড় পরিষ্কার করে যাওয়ার পর বিকেলেই আবার সেখানে ময়লা ফেলা হয়। বর্জ্য না ফেলার সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো থাকলেও মানুষ তা মানে না।
বুড়িগঙ্গার তীর থেকে নদীর দূষণ কমাতে শুধু বর্জ্য অপসারণ নয়, নদীর তলদেশ পরিষ্কার ও নতুন করে বর্জ্য ফেলা বন্ধ করার ওপরও গুরুত্ব দিচ্ছেন স্থানীয় নৌযান শ্রমিকরা। বুড়িগঙ্গার টাঙ্কিরঘাট থেকে কামরাঙ্গীরচর রুটে গত ২০ বছর ধরে মানুষ পারাপার করেন সালেহ মাঝি।
