অপরাধের মূল হোতাদের ধরতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে সন্ত্রাস, সাইবার অপরাধ, সাশকতা সৃষ্টি, পরিকল্পনাকারী, অর্থ প্রদান, হত্যা, মাদক ব্যবসাসহ ভয়ংকর অপরাধের সঙ্গে জড়িত পর্দার আড়ালে থাকা মূল হোতাদের ধরতে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অপরাধ দমনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা গোয়েন্দা তথ্য সংগ্রহ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আর্থিক লেনদেন বিশ্লেষণ, ডিজিটাল ফরেনসিক, নজরদারি এবং সমন্বিত অভিযান পরিচালনার মাধ্যমে মূল হোতাদের ধরতে তৎপরতা চালাচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেলে তাকে গ্রেফতার করা হচ্ছে। সে অপরাধের পরিকল্পনাকারী হোক আর অর্থদাতা হোক কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আইনের চোখে সবাই সমান। পুলিশ জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। অপরাধের পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা, সংগঠক, সহযোগী ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনার লক্ষ্যে সন্দেহভাজন ব্যক্তি ও অপরাধী নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহের ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়াও মাদক উৎপাদন, সংগ্রহ, পরিবহন ও বিতরণের সঙ্গে যুক্ত নেটওয়ার্ক চিহ্নিত করে অভিযান পরিচারনা করা হচ্ছে। মাদক ব্যবসার অর্থ কোথায় জমা হচ্ছে এবং কারা তা নিয়ন্ত্রণ করছে তা তদন্ত করা হচ্ছে। কম্পিউটার, মোবাইল ফোন, সার্ভার ও অন্যান্য ডিজিটাল ডিভাইস থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। ভুয়া অ্যাকাউন্ট, প্রতারণামূলক প্রোফাইল ও অনলাইন অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। পুলিশ আরও জানায়, অনলাইন প্রতারণা, আর্থিক জালিয়াতি ও অবৈধ অর্থ স্থানান্তরের উৎস অনুসন্ধান, ইন্টারনেট সেবা প্রদানকারী, ব্যাংক, মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়, বিদেশে অবস্থানরত সাইবার অপরাধী শনাক্ত করতে আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেওয়া, অপরাধের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও পারস্পরিক যোগাযোগের প্রমাণ বিশ্লেষণ করতে স্থানীয় পুলিশ, গোয়েন্দা বিভাগ, সিআইডি, পিবিআই ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মধ্যে তথ্য বিনিময় করে সমন্বিত তদন্ত করার পরিকল্পনা করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) কামারুম মুনিরা বলেন, মাদক ব্যবসা, সাইবার অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের নেপথ্যে যারা অর্থায়ন, পরিকল্পনা বা সহযোগিতা করে, তাদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।