সুসংবাদ প্রতিদিন

সিরাজগঞ্জে লাভজনক হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  এস, এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে ভুট্টা চাষাবাদ পুরোদমে শুরু হয়েছে। খরচ কম লাভজনক এ চাষাবাদের পরিধি বাড়ছে। এরইমধ্যে আগাম জাতের প্রায় ৭ হাজার হেক্টর জমিতে এ চাষাবাদ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের ৯টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় সাড়ে ১৪ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যেই চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে এ চাষাবাদ শুরু হয়েছে এবং বিশেষ করে চরাঞ্চল এ চাষাবাদ বাড়ছে। আমন ধান কাটার পর কৃষকরা জমিতে এ চাষাবাদ করবে। গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে থেকে তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এ ভুট্টা চাষাবাদ হয়েছে। এসব ভুট্টার মধ্যে রয়েছে, এম ৯'শ, এনকে ৪০, পাইনিয়া ও আগাম জাতের ভুট্টা। তবে যমুনা নদীর তীরবর্তী ৫টি উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে চাষাবাদ বেশি হচ্ছে।

কৃষকরা বলছেন, ধানের তুলনায় ভুট্টা চাষাবাদে খরচ কম ও লাভ বেশি। এজন্য কৃষকরা এ চাষাবাদে ঝুঁকে পড়েছেন। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা জমি বর্গা ও লিজ নিয়ে এ চাষাবাদ করছে। তবে আধুনিক প্রযুক্তিতে জমিতে সারিবদ্ধভাবে ভুট্টার বীজ রোপণ করা হয়ে থাকে এবং চরাঞ্চলে প্রতিবছরের ন্যায় এবারো এ চাষাবাদ বেশি হচ্ছে। এ ভুট্টার চারা এরমধ্যেই গজিয়ে উঠেছে এবং পরিচর্যাও শুরু হয়েছে। ভুট্টার দানা ছাড়াও এর পাতা গবাদিপশুর খাদ্য এবং গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এ চাষাবাদে খরচ কম হওয়ায় ধানের তুলনায় বেশি লাভ হয়ে থাকে। এ কারণে এবারো কৃষকেরা এ চাষাবাদে ঝুকে পড়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ আলোকিত বাংলাদেশকে জানান, এ চাষাবাদে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে চরাঞ্চলেই আগাম জাতের এ চাষাবাদ বেশি হয়ে থাকে। এরমধ্যেই প্রায় ৭ হাজার হেক্টর জমিতে এ ভুট্টা চাষাবাদ হয়েছে এবং আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে এ চাষাবাদ শেষ হবে বলে তিনি উল্লেখ করেন।