নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ
ফটিকছড়িতে সৌরবিদ্যুৎকেন্দ্র গড়ছে বারাকা-ইনফ্রাকো সোলার পাওয়ার
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের নতুন উদ্যোগ নিয়েছে বারাকা গ্রুপ ও প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)। যৌথ উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে প্রতিষ্ঠান দুটি। শতভাগ স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেড এ মেগা প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে।
১৯ নভেম্বর রাজধানী ঢাকার হোটেল শেরাটনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ কোম্পানির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্মকর্তা, বারাকা গ্রপ ও প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপের (পিআইডিজি) ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কতৃপক্ষ নিবার্হী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, প্রচলিত জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসে সরকারের চলমান লক্ষ্যমাত্রা অর্জন ও ৪৫ মিলিয়ন ইউএসডির বিদেশি বিনোয়গের উদ্যোগকে এক বিশাল মাইলফলক হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানিতে রূপান্তর প্রক্রিয়া বহুগুণ ত্বরান্বিত হবে এবং নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বৈদেশিক ও বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে। প্রকল্পটির সঙ্গে সরকারের চুক্তি ২০ বছর বলে জানা গেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ জাতীয় নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে একটি উল্লেখযোগ্য অবদান রাখবে। প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বাস্তবায়নাধীন এ প্রকল্প আন্তর্জাতিক অংশীদারত্ব ও বেসরকারি খাতের অংশগ্রহণের সম্ভাবনাকে তুলে ধরেছে। তিনি বলেন, প্রকল্পটি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জীবাশ্ম জ্বলানির ওপর নির্ভরশীলতা কমানো এবং দেশের জ্বালানি খাতের বহুমুখীকরণে ভূমিকা রাখবে। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট বারাকা গ্রুপ, পিআইডিজি এবং অন্যান্য অংশীদারদের আন্তরিকভাবে স্বাগত জানাই। বাংলাদেশের প্রতি তাদের আস্থা ও বিনিয়োগের আগ্রহ অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশা করি, এ প্রকল্প দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বারাকাগ্রুপ ও বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী প্রকল্পটি বাস্তবায়নে দেশীয় প্রতিষ্ঠান বারাকা গ্রুপের ওপর আস্থা রাখার জন্য পিআইডিজি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বৈদেশিক মুদ্রায় বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আগামী দিনগুলোতে বাংলাদেশের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পিআইডিজি তাদের বিনিয়োগের ধারা আরও প্রসারিত করবে বলে আমরা বিশ্বাস করি। সরকারের ২০৩০ সালের ভিশনের সঙ্গে তাল মিলিয়ে এ ধরনের আরও পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে জোরালো অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ চৌধুরী প্রতিষ্ঠানের সার্বিক পরিচিতি, কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের কার্যক্রম ও সৌরবিদ্যুৎ খাতে এর ভূমিকা সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের পরিচালক নাঈম আহমদ চৌধুরী সমাপনী বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে পিআইডিজির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বিনিয়োগ ও প্রকল্প উন্নয়ন কর্মকর্তা জিলস ভাস, এশিয়া অঞ্চলের ব্যবসা উন্নয়ন প্রধান ডেনিস ফু এবং ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক জুয়ান জিন।
দেশের অন্যতম সফল ও বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান বারাকা গ্রুপ ২০০৯ সাল থেকে বিদ্যুৎ খাতে অবদান রেখে আসছে। বিদ্যুৎ ছাড়াও তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা, সিকিউরিটিজ ও শিক্ষা খাতে প্রতিষ্ঠানটির সফল পদচারণা রয়েছে। অন্যদিকে, ২০০৯ সালে প্রতিষ্ঠিত ইনফ্রাকো এশিয়া পিআইডিজির অধীনে পরিচালিত একটি আন্তর্জাতিক অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগকারী সংস্থা। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইডেন ও কানাডাসহ বিশ্বের ছয়টি উন্নত দাতা দেশের সহায়তায় সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোর টেকসই অবকাঠামো নির্মাণে কাজ করে যাচ্ছে।
