
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন ও বাজার মূলধন—উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে আগের সপ্তাহের তুলনায় গড় দৈনিক লেনদেন বেড়েছে ২১ দশমিক ৪৮ শতাংশ। একই সঙ্গে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৬০ দশমিক ৭৩ পয়েন্ট। সপ্তাহজুড়ে তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজার মূলধনও বেড়েছে ৩ হাজার ৪৫২ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা। ডিএসইর ১৯ নভেম্বর প্রকাশিত সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহ শেষে ডিএসইতে তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা। আগের সপ্তাহ শেষে এর পরিমাণ ছিল ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে গড় দৈনিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮০৮ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকা। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ৬৬৫ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে গড় দৈনিক লেনদেন বেড়েছে ১৪২ কোটি ৯৮ লাখ টাকা।
পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৪৩ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৩ হাজার ৩২৮ কোটি ৬৮ লাখ ৭০ হাজার টাকা। এ সময়ে মোট ১০ লাখ ৫৪ হাজার ৬৭৩টি হাওলা সম্পন্ন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯ লাখ ৮৪ হাজার ৫৯৮টি। সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে এ সূচক ছিল ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্ট। ফলে এক সপ্তাহে সূচকটি বেড়েছে ৬০ দশমিক ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ।
এ ছাড়া ডিএসই-৩০ সূচক ২৬ দশমিক ৩৩ পয়েন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ বেড়ে ২ হাজার ৮৫ দশমিক ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১৬ দশমিক ৭৮ পয়েন্ট বা ১ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ১ হাজার ৭৪ দশমিক ০৮ পয়েন্টে পৌঁছেছে।
অন্যদিকে, ডিএসইর এসএমই সূচক ডিএসইএমইএক্স ১৯ দশমিক ২৯ পয়েন্ট বা ২ দশমিক ০৫ শতাংশ কমে ৯২২ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে মোট ১২২ কোটি ২৩ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ১০৭ কোটি ৩৭ লাখ ৭০ হাজার শেয়ার। সে হিসাবে শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে। পাশাপাশি গড় দৈনিক শেয়ার লেনদেনের পরিমাণ ১৩ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ২৪ কোটি ৪৪ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে।
বাজারে গত সপ্তাহে ১৫৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ১৫৮টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং ৪০টির দাম অপরিবর্তিত ছিল। এ সময়ে ৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়নি।
লেনদেনের খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৪ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকা, এসএমই মার্কেটে ২০ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকা এবং অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) ১ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া সরকারি সিকিউরিটিজে লেনদেন হয়েছে ১০ লাখ টাকা।