গুগল ম্যাপসে এআই ফিচার
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক

এতদিন নতুন কোনও জায়গায় ভ্রমণ কিংবা একাধিক গন্তব্য ঘুরে দেখার পরিকল্পনা করতে হলে আগে থেকেই বিভিন্ন ওয়েবসাইটে তথ্য খুঁজে সময়সূচি তৈরি করতে হতো। কোন পথে গেলে সময় কম লাগবে, কোথায় যাত্রা-বিরতি নেওয়া যাবে কিংবা গন্তব্যে পৌঁছানোর পর জায়গাটি খোলা থাকবে কি না, এসব বিষয়ও আলাদাভাবে যাচাই করতে হতো। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় এসব কাজ সহজ করতে গুগল ম্যাপসে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। 'আস্ক ম্যাপস'নামের এআইভিত্তিক সুবিধাটি ব্যবহার করে একাধিক গন্তব্যের ভ্রমণসূচি ও বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা তৈরি করা যাবে। পাশাপাশি যাত্রাপথের যানজট, গন্তব্যের খোলার সময়সহ বিভিন্ন আপডেটেড তথ্যও পাওয়া যাবে।
গুগলের জেমিনাই এআই প্রযুক্তিনির্ভর আস্ক ম্যাপস ব্যবহার করে সাধারণ ভাষায় নির্দেশনা দিয়েই ভ্রমণ পরিকল্পনা তৈরি করা যাবে। যেমন, কেউ তিন দিনের রোডট্রিপের জন্য সমুদ্রসৈকত, পাহাড়ি পথে হাঁটা এবং সমুদ্রের পাশে খাবারের রেস্তোরাঁ ঘুরে দেখার পরিকল্পনা চাইলে ম্যাপস প্রতিদিনের জন্য আলাদা সময়সূচি তৈরি করে দেবে। এতে প্রতিটি গন্তব্যের অবস্থান নম্বরযুক্ত পিনের মাধ্যমে ম্যাপে দেখানো হবে। ফলে কোন জায়গার পর কোথায় যেতে হবে, তা সহজেই বোঝা যাবে। তৈরি করা ভ্রমণসূচি বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করা যাবে। কম্পিউটার থেকে সেটি গুগল ডকসেও এক্সপোর্ট করার সুবিধাও রয়েছে।
ভ্রমণের সময়ও পরিকল্পনা অনুযায়ী তথ্য পাওয়া যাবে। আস্ক ম্যাপসের চ্যাটের হিস্ট্রিতে থাকা 'ইটিনারারি'অপশন থেকে আগের তৈরি ভ্রমণসূচি খোলা যাবে। এরপর প্রতিটি গন্তব্যে যাওয়ার আগে সরাসরি যানজটের অবস্থা, সংশ্লিষ্ট দোকান বা রেস্তোরাঁ খোলা আছে কি না এবং পরবর্তী গন্তব্যের পরিবেশ কেমন, সে সম্পর্কে তথ্য দেখাবে ম্যাপস। প্রয়োজনে কথোপকথনের মাধ্যমেই ভ্রমণসূচিতে নতুন কোনও দর্শনীয় স্থান বা খাবারের জায়গা যুক্ত করা যাবে।
এ ছাড়া গুগল ম্যাপসে সেভ করা পছন্দের জায়গাগুলোর তালিকা থেকেও প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যাবে। যেমন, সেভ করা রেস্তোরাঁগুলোর মধ্যে কোনটিতে পাঁচজনের জন্য পরবর্তী ৩০ মিনিটের মধ্যে আসন পাওয়া যাবে বা আলাদা কোন রিজার্ভেশন আছে কি না, তা জানা যাবে। নতুন এআই সুবিধার মাধ্যমে পার্লারে রূপচর্চা, পোষা প্রাণীর পরিচর্যা, গাড়ি মেরামতের মতো সেবার জন্য অনলাইনে নির্দিষ্ট সময় খুঁজে দেবে গুগল ম্যাপস। প্রয়োজনে স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে ফোন করে ব্যবহারকারীর পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্টের সময়ও নির্ধারণ করতে পারবে।
