সুসংবাদ প্রতিদিন
রাণীশংকৈলে কৃষি উৎপাদনে সাফল্য
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাজমুল হোসেন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

কৃষিজমির পরিমাণ দিন দিন কমছে। অন্যদিকে বাড়ছে খাদ্য উৎপাদনের চাহিদা। এমন পরিস্থিতিতে অল্প জমিতে বেশি ফসল উৎপাদনের অভিনব কৌশল হিসেবে একই জমিতে শিম ও আদা চাষে ঝুঁকছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃষকরা। জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতিতে চাষাবাদের এই উদ্যোগ কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।
উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে গিয়ে দেখা যায়, একই জমিতে মাচা তৈরি করে ওপরে শিম এবং নিচে আদা চাষ করছেন কৃষকরা। এ পদ্ধতিতে কৃষক বাবুল হোসেন ১৬ শতক, লাল মিয়া ১৩ শতক এবং দেলওয়ার হোসেন ২০ শতক জমিতে শিম ও আদা আবাদ করেছেন। কৃষক দেলওয়ার হোসেনের মেয়ে দিলুফা ইয়াসমিন বলেন, একই জমিতে দুই ধরনের ফসল আবাদ করে তারা বেশ লাভবান হচ্ছেন। শিমের মৌসুম শেষ হলেও জমিতে আদা থাকবে। ফলে একটি ফসল বিক্রির পর অন্য ফসল থেকে আয় করার সুযোগ তৈরি হচ্ছে। এতে একই জমি থেকে দীর্ঘ সময় ধরে উপার্জন করা সম্ভব হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম বলেন, দিন দিন কৃষিজমির পরিমাণ কমে আসছে। তাই একই জমিতে একাধিক ফসল উৎপাদনের কৌশল হিসেবে ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতির চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
তিনি জানান, উপজেলায় প্রায় ২ হেক্টর জমিতে ভার্টিক্যাল পদ্ধতিতে নিচে আদা ও ওপরে শিম, শিমের সঙ্গে করলা এবং বরবটির সঙ্গে শিম চাষ করা হচ্ছে। এ ছাড়া ক্রমিক পদ্ধতিতে আলুর সঙ্গে মিষ্টিকুমড়া এবং ভুট্টার সঙ্গে ঝিঙা চাষ হচ্ছে প্রায় ৮ হেক্টর জমিতে। এসব পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। কৃষি সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিতভাবে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা গেলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি উৎপাদন ও কৃষকের আয় বাড়ানো সম্ভব। রাণীশংকৈলে শিম-আদার এই সমন্বিত চাষাবাদ তাই কৃষকদের সামনে নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছে।
