বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষার ৮৫ শতাংশ দেবে সরকার
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের প্রকৃত শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ বহন করবে সরকার। বাকি ১৫ শতাংশ দিতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে। দেশভেদে চারটি গ্রুপে ভাগ করে প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্য পৃথক হারে শিক্ষা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এ লেভেল পর্যন্ত এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য এ সুবিধা পাওয়া যাবে।
১৯ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে শিক্ষা ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে। গ্রুপ 'ক'-এর মিশনগুলোয় এ লেভেল পর্যায়ে এক সন্তানের জন্য বছরে সর্বোচ্চ ২৫ হাজার মার্কিন ডলার এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে এক সন্তানের জন্য ২৫ হাজার এবং দুই সন্তানের জন্য ৩৮ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
গ্রুপ 'খ'-এর মিশনগুলোয় এ লেভেল এবং স্নাতক— উভয় পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। গ্রুপ 'গ'-এর ক্ষেত্রে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার বরাদ্দ রাখা হয়েছে। অন্যদিকে গ্রুপ 'ঘ'-এর মিশনগুলোয় এ লেভেল পর্যায়ে এক সন্তানের জন্য ২০ হাজার ৫০০ এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার দেওয়া হবে।
গ্রুপ 'ক'-তে রয়েছে বেইজিং, সিউল, টোকিও, হংকং, জাকার্তা, দোহা, ব্রাসেলস, জেনেভা, হেগ, স্টকহোম, ওয়ারশ, ভিয়েনা, মিলান, প্যারিস ও মস্কোর বাংলাদেশ মিশন।
গ্রুপ 'খ'-তে রয়েছে ক্যানবেরা, সিডনি, ওয়েলিংটন, ব্যাংকক, ইয়াঙ্গুন, সিট্যুয়ে, কুয়ালালামপুর, কাঠমান্ডু, থিম্পু, মুম্বাই, নয়াদিল্লি, করাচি, ইসলামাবাদ, আম্মান, দুবাই, আবুধাবি, কুয়েত সিটি, জেদ্দা, রিয়াদ, বাগদাদ, খার্তুম, আদ্দিস আবাবা, আবুজা, লন্ডন, ম্যানচেস্টার, বার্মিংহাম, মাদ্রিদ, রোম, বুখারেস্ট, ইস্তাম্বুল, আঙ্কারা, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, মায়ামি, লস অ্যাঞ্জেলেস, অটোয়া, টরন্টো, মেক্সিকো সিটি ও ব্রাসিলিয়ার মিশন।
গ্রুপ 'গ'-তে রয়েছে সিঙ্গাপুর সিটি, হ্যানয়, ম্যানিলা, বন্দর সেরি বেগাওয়ান, চেন্নাই, মালে, বৈরুত, মানামা, কায়রো, তেহরান, নাইরোবি, প্রিটোরিয়া, আলজিয়ার্স, ত্রিপোলি, ফ্রিটাউন, এথেন্স, কোপেনহেগেন, বার্লিন ও লিসবনের মিশন। গ্রুপ 'ঘ'-তে রয়েছে চীনের কুনমিং, শ্রীলঙ্কার কলম্বো, ভারতের কলকাতা, গুয়াহাটি ও আগরতলা, উজবেকিস্তানের তাসখন্দ, ওমানের মাস্কাট, মরক্কোর রাবাত ও মরিশাসের পোর্ট লুইসের মিশন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন কর্মকর্তা-কর্মচারী সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা পাবেন। প্রকৃত শিক্ষা ব্যয়ের ১৫ শতাংশ ব্যক্তিগতভাবে বহনের নিয়ম বহাল থাকবে। সেসব দেশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অন্য কোনো ইংরেজিভাষী দেশে সন্তানকে পড়ানোর ব্যবস্থা করতে পারবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী যে মিশনে কর্মরত, সেই মিশনের জন্য নির্ধারিত শিক্ষা ব্যয়ের সর্বোচ্চ সীমা প্রযোজ্য হবে।
শিক্ষা ফি ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অন্য কোনো ডিজিটাল পদ্ধতিতে সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের হিসাবে পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত হিসাবে এ অর্থ দেওয়া যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে পুরো ফি একসঙ্গে পরিশোধের বাধ্যবাধকতা থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে যথাযথ প্রমাণপত্র জমা দিতে হবে। এ ক্ষেত্রে নিজের অংশের অর্থ মিশনের হিসাবে বা সংশ্লিষ্ট হিসাব কোডে জমা দেওয়ার পর মিশন পুরো শিক্ষা ফি পরিশোধ করতে পারবে।
