যেসব কারণে ফুসফুসের ক্ষতি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য ডেস্ক

বায়ুদূষণ ফুসফুস নষ্টের অন্যতম বড় কারণ। শহরের ব্যস্ত সড়কের ধোঁয়া, কলকারখানার নির্গত কালো ধোঁয়া এবং নির্মাণকাজের সূক্ষ্ম ধূলিকণা বাতাসে মিশে থাকে। বিশেষ করে পিএম ২ দশমিক ৫ নামের অতি সূক্ষ্ম কণা শ্বাসের সঙ্গে ফুসফুসের গভীরে প্রবেশ করে। দীর্ঘদিন এই দূষিত বাতাসে শ্বাস নিলে ফুসফুসের কোষে প্রদাহ সৃষ্টি হয় এবং ক্যানসারের ঝুঁকি বাড়ে।
পরোক্ষ ধূমপান বা সেকেন্ডহ্যান্ড স্মোকিং অধূমপায়ীদের জন্য বড় বিপদ। কেউ নিজে ধূমপান না করলেও আশপাশে কেউ ধূমপান করলে সেই ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে যায়। বাসা, কর্মক্ষেত্র বা গণপরিবহনে নিয়মিত এই ধোঁয়ার সংস্পর্শে এলে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
রান্নাঘরের ধোঁয়া ও জৈব জ্বালানির ব্যবহার ফুসফুসের ক্ষতি করতে পারে। অনেক বাড়িতে এখনও কাঠ, কয়লা, শুকনো পাতা বা গোবরের ঘুঁটে পুড়িয়ে রান্না করা হয়। এসব জ্বালানি পোড়ালে বিষাক্ত গ্যাস ও সূক্ষ্ম কণা তৈরি হয়। বদ্ধ বা কম বাতাস চলাচল করা রান্নাঘরে দীর্ঘদিন রান্না করলে নারী ও শিশুদের ফুসফুসের ক্ষতির আশঙ্কা বাড়ে।
ঘর পরিষ্কার রাখতে অনেকেই ব্লিচ, জীবাণুনাশক, ফ্লোর ক্লিনার এবং বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করেন। এসব পণ্যের রাসায়নিক থেকে নির্গত বাষ্প শ্বাসনালিতে জ্বালাপোড়া তৈরি করতে পারে। বিশেষ করে ব্লিচের সঙ্গে অ্যামোনিয়া বা অ্যাসিডযুক্ত ক্লিনার মেশানো অত্যন্ত বিপজ্জনক। এতে তৈরি হওয়া বিষাক্ত গ্যাস ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই ঘর পরিষ্কারের সময় জানালা খোলা রাখা এবং একাধিক রাসায়নিক একসঙ্গে ব্যবহার না করাই নিরাপদ।
ঘরের ভেতরের দূষিত বায়ুও ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে। মশা তাড়ানোর জন্য অনেকে বাড়িতে নিয়মিত মশার কয়েল, ধূপ ব্যবহার করে থাকে। কিন্তু এগুলো পোড়ানোর ফলে বাতাসে ধোঁয়া, সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে। বন্ধ ঘরে দীর্ঘক্ষণ এই ধোঁয়ার মধ্যে থাকলে কাশি, শ্বাসনালিতে অস্বস্তি এবং শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে। দীর্ঘমেয়াদে এসব উপাদান ফুসফুসের ক্যান্সারের ঝুঁকিতে ভূমিকা রাখতে পারে।
ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমাতে পরিবেশ ও জীবনযাত্রায় সচেতনতা জরুরি। ধূমপান ও পরোক্ষ ধূমপান এড়িয়ে চলতে হবে। রান্নাঘরে পর্যাপ্ত বাতাস চলাচল ও চিমনি বা এগজস্ট ফ্যানের ব্যবস্থা রাখা উচিত। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকলে মাস্কসহ প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী ব্যবহার করতে হবে।
