সুসংবাদ প্রতিদিন
পতিত জমিতে পাতিলাউ চাষে বাজিমাত
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মামুন চৌধুরী, হবিগঞ্জ

ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর কৃষিকাজের প্রতি ভালোবাসা থাকলে পতিত জমিও হয়ে উঠতে পারে আয়ের অন্যতম উৎস। তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুলসুনাম এলাকার কৃষক শামছুল আলম রানা। দীর্ঘদিনের পতিত প্রায় ৮ শতক জমিতে পাতিলাউ চাষ করে তিনি পেয়েছেন চমৎকার ফলন। মাত্র ১২ হাজার টাকা বিনিয়োগে ৫০ থেকে ৫৫ হাজার টাকা বিক্রির সম্ভাবনা তৈরি হওয়ায় তার এই উদ্যোগ এলাকায় বেশ সাড়া ফেলেছে। কৃষক শামছুল আলম রানা মহলুলসুনাম এলাকার বাসিন্দা মুনসুফ আলীর ছেলে। তিনি প্রমাণ করেছেন, জমি ছোট হলেও পরিকল্পিত উদ্যোগ ও পরিশ্রম থাকলে সেখান থেকেই ভালো আয় করা সম্ভব।
রানা জানান, সেপ্টেম্বর মাসে দীর্ঘদিন পতিত পড়ে থাকা প্রায় ৮ শতক জমি চাষাবাদের উপযোগী করে তোলেন তিনি। এরপর সেখানে ৫৫টি পাতিলাউয়ের চারা রোপণ করেন। নিয়মিত পরিচর্যা, শ্রম ও যত্নে ধীরে ধীরে বেড়ে ওঠে চারাগুলো। প্রায় ৫০ দিন পর গাছে গাছে লাউ ধরতে শুরু করে। এরপর থেকেই শুরু হয় লাউ সংগ্রহ ও বাজারে বিক্রি।
তিনি জানান, জমি প্রস্তুত থেকে শুরু করে চারা রোপণ ও পরিচর্যাসহ পুরো চাষাবাদে তাঁর খরচ হয়েছে প্রায় ১২ হাজার টাকা। এরইমধ্যে লাউ বিক্রি শুরু হয়েছে। উৎপাদিত লাউ বিক্রি করে প্রায় ৫০ থেকে ৫৫ হাজার টাকা পাওয়ার আশা করছেন তিনি। এতে খরচ বাদে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কৃষক রানা বলেন, চেষ্টা ও কঠোর পরিশ্রম থাকলে সফলতা আসবেই। জমি পতিত ফেলে না রেখে কাজে লাগানোর চিন্তা থেকেই পাতিলাউ চাষ শুরু করি। এখন গাছে ভালো ফলন এসেছে। লাউ বিক্রিও শুরু হয়েছে। এতে আমি বেশ আনন্দিত। এদিকে রানার এই সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অন্য কৃষকরাও। স্থানীয় কয়েকজন কৃষক জানান, পতিত জমিতে এমন চমৎকার ফলন দেখে তারা উৎসাহিত হয়েছেন। তারাও আগামীতে এভাবে পাতিলাউসহ বিভিন্ন সবজি চাষের প্রস্তুতি নিচ্ছেন। তাদের মতে, অল্প জমিতে স্বল্প পুঁজি বিনিয়োগ করে সবজি চাষ গ্রামীণ পরিবারের বাড়তি আয়ের একটি ভালো সুযোগ হতে পারে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরাম হোসেন বলেন, জমি পতিত ফেলে না রেখে সেখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করলে কৃষকরা লাভবান হতে পারেন। মহলুল সুনাম এলাকার কৃষক শামছুল আলম রানা পতিত জমিতে পাতিলাউ চাষ করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ ধরনের উদ্যোগ অন্য কৃষকদেরও অনুপ্রাণিত করবে। কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে বাড়ির আশপাশের কিংবা অনাবাদি জমিতে সবজি উৎপাদন বাড়ানো সম্ভব। এতে একদিকে যেমন কৃষকের আয় বাড়বে, অন্যদিকে দেশের সামগ্রিক কৃষি উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে। শায়েস্তাগঞ্জের মহলুলসুনামে কৃষক রানার এই উদ্যোগ তাই কেবল একজন কৃষকের সাফল্যের গল্প নয়; এটি পতিত জমিকে সম্পদে পরিণত করার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। তার ৮ শতক জমির সবুজ লাউখেত যেন বার্তা দিচ্ছে— জমি যতটুকুই হোক, ইচ্ছা আর পরিশ্রম থাকলে সাফল্যের সম্ভাবনা ততটাই বড়।
