মিরপুরের 'ফোর স্টার' গ্রুপের ৬ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর, পল্লবী ও রূপনগর এলাকায় সক্রিয় কুখ্যাত 'ফোর স্টার' গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ নভেম্বর পৃথক দু'টি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পল্লবীর ১২ নম্বর সেকশনের একটি বাড়িতে চালানো প্রথম অভিযানে শেখ ওসমান গনি সোহাগকে (৩৫) গ্রেপ্তার করে দলটি। তিনি শীর্ষ সন্ত্রাসী মশিউরের নেতৃত্বাধীন এই গ্রুপের সশস্ত্র সদস্য বলে জানা গেছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে এসআরবি-৪ পরবর্তীকালে রূপনগরের শিয়ালবাড়ি কবরস্থানের কাছ থেকে গ্রুপটির আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— রনি ব্যাপারী (৩৫), রনি (২৬), হাসিব (২৭), ইমান মোল্লা (২৫) ও সৌরভ ব্যাপারী (১৯)। দ্বিতীয় অভিযানে একটি খেলনা পিস্তল, দ'ুটি সামুরাই তলোয়ার, ১২টি চাপাতি ও ছুরি, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এসআরবি-৪ জানায়, এই গ্রুপের সদস্যরা রাজধানীজুড়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তারা অস্ত্র ব্যবহার করতো। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ভয় দেখাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মহড়ার ভিডিও ছড়িয়ে দিত।
প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র, ডাকাতি, চুরি, ছিনতাই ও প্রতারণার মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার ছয়জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
