ডেঙ্গু ও হামে ৪ জনের মৃত্যু
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সারা দেশে ডেঙ্গু ও হামে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫২ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, খুলনা বিভাগে ১২৯ জন, রাজশাহী বিভাগে ১১৮ জন, রংপুর বিভাগে ৫৫ জন, বরিশাল বিভাগের ১১৪ জন এবং সিলেট বিভাগে ৫ জন আক্রান্ত হয়েছে।
আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জন। এদের মধ্যে ১ লাখ ৭১ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৪ হাজার ৮৬১ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ৫২৬ জন।
হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪১২ : সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার আগ পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৩৬৩-তে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৪ জনের। মোট ১ হাজার ৪১২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩৭৪ জনের।
