প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার
বললেন শিক্ষামন্ত্রী
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করতে সরকার কাজ করছে।
গতকাল বুধবার ঢাকায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) কাউন্সিল অব এমআইএসটির ২৩তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় শুধু সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, বরং হতে হবে জ্ঞানচর্চা, গবেষণা ও উৎকর্ষের কেন্দ্র। শিক্ষার মূল লক্ষ্য হতে হবে দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের উপযোগী মানবসম্পদ তৈরি করা। সততা, নিষ্ঠা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত আগামী প্রজন্ম গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার হাবে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, যাতে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হন।
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), বিগ ডাটা এবং রোবটিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তি বিষয়ে জ্ঞানার্জন ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, দেশকে চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে নিতে এমআইএসটি অগ্রণী ভূমিকা পালন করবে।
সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে শিক্ষামন্ত্রী এমআইএসটির স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন।
