ঘুরে দাঁড়াচ্ছে সাভারের বন্ধ ট্যানারি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

পরিবেশগত শর্তপূরণ সাপেক্ষে সাভারের চামড়া শিল্প নগরীর বন্ধ ও রুগ্ন ট্যানারিগুলো চালু করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সরকারের এ উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন ট্যানারি মালিকরা। তবে শুধু আর্থিক সহায়তা নয়, শিল্পটির টেকসই পুনরুদ্ধারে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বৃদ্ধি, নিজস্ব বর্জ্য শোধনব্যবস্থা স্থাপন এবং আন্তর্জাতিক পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করাকে জরুরি মনে করছেন সংশ্লিষ্টরা। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অন্যতম বৃহৎ রপ্তানি আয়ের খাত চামড়াশিল্প আবারও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে বলে আশা করছেন তারা। সম্পতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাভারের চামড়া শিল্প নগরীর বন্ধ ট্যানারিগুলো চালু করতে সরকারের কারিগরি ও আর্থিক সহায়তার ঘোষণা দেন। এ লক্ষ্যে এসএমই খাতের বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে দুই হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে বলেও জানান তিনি। সরকারের এ ঘোষণার পর দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ট্যানারিগুলো পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন করে বিনিয়োগ ও উৎপাদনে ফেরার স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা।
তবে এ ক্ষেত্রে পরিবেশগত শর্তের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ৫০ হাজার বর্গফুট আয়তনের প্রতিটি ট্যানারিতে নিজস্ব ইটিপি প্ল্যান্ট থাকতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশগত ছাড়পত্রও নিশ্চিত করতে হবে। এসব শর্ত পূরণ না হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শর্ত পূরণ সাপেক্ষেই বন্ধ ট্যানারিগুলো চালু করতে সরকার প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দেবে।
বিসিক চামড়া শিল্প নগরী সূত্র জানায়, সাভারের এ শিল্প নগরীতে মোট ১৬২টি ট্যানারির জন্য জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে ১৪৭টি ট্যানারি পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে। রুগ্ন শিল্প হিসেবে কোনো রকমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে মেসার্স ফিনিক্স লেদার কমপ্লেক্স লিমিটেড, মেসার্স ভূঁইয়া ট্যানারি, মেসার্স মিল্লাত ট্যানারি ও মেসার্স কমলা ট্যানারি। অন্যদিকে বরাদ্দ পাওয়ার পরও উৎপাদন কার্যক্রম শুরু করতে না পারায় সম্পূর্ণ বন্ধ রয়েছে আরও ১১টি ট্যানারি। এগুলো হলো মেসার্স নবীপুর ট্যানারি, মেসার্স দি আর্থ ইন্টারন্যাশনাল ট্যানারি লিমিটেড, মেসার্স চৌধুরী লেদার অ্যান্ড কোং লিমিটেড, মেসার্স করিম লেদারস লিমিটেড, মেসার্স করিম লেদার ইউনিট-২, মেসার্স হোসেন ব্রাদার্স ট্যানারি, মেসার্স রানা লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেসার্স প্যারামাউন্ট ট্যানারিজ, মেসার্স হেলেনা এন্টারপ্রাইজ লিমিটেড, মেসার্স জামিলা ট্যানারি ও মেসার্স ভিক্টরি জিলাটিন প্রোডাক্টস লিমিটেড। সংশ্লিষ্টদের মতে, ট্যানারি শিল্পের স্বাভাবিক অগ্রযাত্রার অন্যতম বড় বাধা পরিবেশগত ব্যবস্থাপনার দুর্বলতা।
বিশেষ করে শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতার সীমাবদ্ধতা এ খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ট্যানারিগুলোর উৎপাদন সক্ষমতার তুলনায় সিইটিপির বর্তমান বর্জ্য শোধন ক্ষমতা কম হওয়ায় পরিবেশ দূষণের ঝুঁকি তৈরি হচ্ছে।
বিসিক চামড়া শিল্প নগরীর সিইটিপি নির্মাণের সময় দৈনিক ২৫ হাজার ঘনমিটার বর্জ্য শোধনের সক্ষমতা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু কারিগরি ত্রুটি, পাইপলাইন ও ব্যবস্থাপনাগত সমস্যার কারণে বর্তমানে এর কার্যকর সক্ষমতা ১৪ হাজার থেকে ১৮ হাজার ঘনমিটারে সীমাবদ্ধ রয়েছে। অথচ কোরবানির ঈদ ও চামড়া প্রক্রিয়াজাতকরণের ভরা মৌসুমে বর্জ্যের পরিমাণ বেড়ে দৈনিক প্রায় ৪০ হাজার ঘনমিটারে পৌঁছায়। ফলে অপরিশোধিত ও আংশিক শোধিত বর্জ্যের একটি অংশ পার্শ্ববর্তী ধলেশ্বরী নদীসহ আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়ে।
বন্ধ ট্যানারিগুলো চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মেসার্স দি আর্থ ইন্টারন্যাশনাল ট্যানারি লিমিটেডের স্বত্বাধিকারী মো. বিপ্লব সরকার। তিনি বলেন, সরকারের এ সিদ্ধান্ত চামড়াশিল্পকে নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ট্যানারির মালিকরাও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। তবে বাস্তবতা বিবেচনায় পরিবেশদূষণ রোধে প্রতিটি ট্যানারিতে নিজস্ব ইটিপি স্থাপন, সিইটিপিকে পুরোপুরি কার্যকর করা এবং বিদেশ থেকে কাঁচা চামড়া আমদানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তাহলেই এ উদ্যোগের সুফল ট্যানারিসংশ্লিষ্ট সবাই পাবেন।
সিইটিপির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহনেওয়াজ বলেন, বিসিক চামড়া শিল্প নগরীর বর্জ্য শোধনাগারের বর্তমান সক্ষমতা দৈনিক ১৪ হাজার থেকে ১৮ হাজার ঘনমিটার। ট্যানারিগুলো হাইকোর্টের চারটি নির্দেশনা অনুসরণ করে যথাযথভাবে প্রি-ট্রিটমেন্ট করতে পারলে সর্বোচ্চ ১৮ হাজার ঘনমিটার তরল বর্জ্য শোধন করা সম্ভব।
তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ বিধিমালা-২০২৩ অনুযায়ী, চামড়া প্রক্রিয়াজাতকরণে প্রতি টন কাঁচা চামড়ার বিপরীতে সর্বোচ্চ ৩০ ঘনমিটার পানি ব্যবহার করা যাবে। ট্যানারিগুলো এ সীমা মেনে চললেও দৈনিক প্রায় ৪০ হাজার ঘনমিটার বর্জ্য শোধনের প্রয়োজন হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় ট্যানারিগুলোর নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন এবং কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা বাড়ানো, সংস্কার ও আধুনিকায়ন জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলেই বর্জ্য শোধনাগারটি পূর্ণ সক্ষমতায় পরিচালনা করা সম্ভব হবে।
বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. মেহরাজুল মাঈয়ান জানান, চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত ৪ হাজার ৩৫৩টি ট্রাকে করে সাভারের চামড়া শিল্প নগরীতে গরু ও মহিষের ২৩ লাখ ৯২ হাজার ৯০৫টি এবং ছাগল ও ভেড়ার ৪ লাখ ৯৬ হাজার ৫৮১টি চামড়া প্রবেশ করেছে। সব মিলিয়ে এ সময়ে শিল্প নগরীতে ২৮ লাখ ৮৯ হাজার ৪৮৬টি চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য আনা হয়েছে। তিনি জানান, শিল্প নগরীতে বরাদ্দ পাওয়া ১৬২টি ট্যানারির মধ্যে ১৪৭টি বর্তমানে পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে। চারটি রুগ্ন অবস্থায় এবং ১১টি সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার ধরে রাখতে শুধু বন্ধ ট্যানারি চালু করাই যথেষ্ট নয়; একই সঙ্গে উৎপাদন সক্ষমতা, পরিবেশ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে।
সরকারের ঘোষিত আর্থিক সহায়তার পাশাপাশি এসব অবকাঠামোগত ও নীতিগত সমস্যার সমাধান করা গেলে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে, বাড়বে কর্মসংস্থান এবং রপ্তানি আয়েও ইতিবাচক প্রভাব পড়বে। এতে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়ের খাত হিসেবে চামড়াশিল্পের হারানো গতি ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে।
