শাহজাহান শাহীমের ভিন্ন উদ্যোগ

কৃষকের পাশে দাঁড়াতে গ্রামে গড়ে তুলেছেন কৃষি হাসপাতাল

শুক্রবারের বিশেষ খবর

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাজী মুনছুর আজিজ

নিরাপদ খাদ্য উৎপাদন, ভেজালমুক্ত খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং কৃষকের জীবনমান উন্নয়নের স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন শাহজাহান শাহীম। ঢাকার মালিবাগে 'অর্গানিক কৃষিবাজার' প্রতিষ্ঠার মাধ্যমে দুই দশকেরও বেশি সময় আগে যে উদ্যোগের সূচনা করেছিলেন, সময়ের পরিক্রমায় তা এখন নতুন মাত্রা পেয়েছে। শহরের ব্যস্ত ব্যবসায়িক জীবন ছেড়ে তিনি ফিরে গেছেন নিজের গ্রাম খুলনার তেরখাদা উপজেলার নাচুনিয়ায়। সেখানে নিজেই শুরু করেছেন বিষমুক্ত খাদ্য উৎপাদন। পাশাপাশি কৃষকের জন্য গড়ে তুলেছেন ব্যতিক্রমী প্রতিষ্ঠান 'চিত্রা অর্গানিক অ্যাগ্রো হসপিটাল' বা 'চিত্রা কৃষি হাসপাতাল'।

শাহজাহান শাহীমের উদ্যোগের মূল দর্শন 'আদি ও আসল'। এ স্লোগানকে সামনে রেখে ঢাকার মালিবাগে দীর্ঘদিন পরিচালনা করেছেন অর্গানিক কৃষিবাজার। খুলনা, রাজশাহী ও পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব কৃষকদের মাধ্যমে উৎপাদিত খাদ্যপণ্য সংগ্রহ করে সরবরাহ করতেন তিনি। তার বাজারে পাওয়া যেত আউশ চাল, কাউন চাল, ডাল, হাতে ভাজা মুড়ি, লাল আটা, আমের গুঁড়, মাশকলাই, সরিষার তেল, তিল ও তিলের তেল, সেমাই, পোলাওয়ের চাল, তুষের তেল, বিট লবণ, কালোজিরার তেল, রসুন ও মাশকলাইয়ের আচার, কুমড়া বড়ি, মুড়ি ও যবের ছাতু। এ ছাড়া ছিল ঘি, মধু, অর্গানিক চা, তুলসী চাসহ নানা ধরনের খাদ্যপণ্য ও সবজি।

তবে কয়েক বছর আগে ঢাকার প্রতিষ্ঠান গুটিয়ে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এখন নিজের জমিতে বিষমুক্ত খাদ্য উৎপাদনের পাশাপাশি সেসব পণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি সরবরাহ করছেন। তার লক্ষ্য, নিরাপদ খাদ্য উৎপাদনের একটি নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা, যেখানে কৃষক ন্যায্যভাবে উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবেন এবং ভোক্তারাও পাবেন ভেজালমুক্ত খাবার।

কৃষকের জন্য কৃষি হাসপাতাল : শাহজাহান শাহীমের উদ্যোগের সবচেয়ে ব্যতিক্রমী দিক হলো কৃষকদের জন্য হাসপাতাল প্রতিষ্ঠা। তেরখাদা উপজেলার ইখড়ি চরপাড়া এলাকায় গত ১ মে থেকে চালু করেছেন 'চিত্রা অর্গানিক অ্যাগ্রো হসপিটাল'। এটি সাধারণ কোনো হাসপাতাল নয়; বরং কৃষি ও কৃষকের সার্বিক কল্যাণে গড়ে তোলা একটি সেবাকেন্দ্র। এখানে নামমাত্র মূল্যে কৃষকদের জমির মাটি ও পানি পরীক্ষাসহ কৃষিবিষয়ক বিভিন্ন সেবা দেওয়া হয়। কৃষকরা কীভাবে জমির স্বাস্থ্য বুঝবেন, কোন ধরনের মাটিতে কোন ফসল ভালো হবে, কীভাবে নিরাপদ উপায়ে ফসল উৎপাদন করা যায়— এসব বিষয়ে পরামর্শ পান। একই সঙ্গে কৃষকদের ব্যক্তিগত স্বাস্থ্যসেবার ব্যবস্থাও রয়েছে। নামমাত্র মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষিবিদ, পশুচিকিৎসক এবং স্থানীয় চিকিৎসকদের সহযোগিতায় এসব সেবা পরিচালিত হচ্ছে। অর্থাৎ একজন কৃষক যেমন তার জমির সমস্যা নিয়ে এখানে আসতে পারবেন, তেমনি নিজের শারীরিক অসুস্থতা নিয়েও চিকিৎসাসহায়তা নিতে পারবেন।

কৃষকের স্বাস্থ্য ও মানসিক সুস্থতায় ভাবনা : শাহজাহান শাহীমের পরিকল্পনা শুধু কৃষি উৎপাদন কিংবা বাজারজাতকরণের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি মনে করেন, কৃষির উন্নয়নের জন্য কৃষকের শারীরিক ও মানসিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ। এ ভাবনা থেকেই কৃষকদের জন্য 'চিত্রা সিনিয়র সিটিজেন রেস্ট হোম' নামে আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী, এখানে শুধু কৃষকদের থাকা ও খাওয়ার পাশাপাশি চিকিৎসাসেবার ব্যবস্থা থাকবে।

কৃষকের বয়স বাড়লে কিংবা শারীরিকভাবে কর্মক্ষমতা কমে এলে তাদের পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় যত্ন নেওয়া এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি কৃষকদের ভালো ফসল উৎপাদন, নিরাপদ চাষাবাদ ও কৃষি ব্যবস্থাপনা সম্পর্কেও পরামর্শ দেওয়া হবে।

বর্তমানে নিজস্ব জায়গায় সীমিত পরিসরে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে শাহজাহান শাহীমের পরিকল্পনা আরও বড়। স্থায়ী জায়গা ও বৃহত্তর পরিসরে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণের জন্য কাজ করছেন তিনি। এ ছাড়া তেরখাদায় একটি নিরাপদ কৃষিপণ্য বাজার গড়ে তোলার উদ্যোগও নিয়েছেন। এর মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিষমুক্ত পণ্য সরাসরি বাজারজাত করার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন তিনি।

কৃষকের উন্নতিই মূল লক্ষ্য : নিজের উদ্যোগ সম্পর্কে শাহজাহান শাহীমের ভাবনা, শুধু বিষমুক্ত খাবার উৎপাদন করলেই হবে না, সেই খাবার উৎপাদনকারী কৃষককেও ভালো রাখতে হবে। কৃষকের জমি, স্বাস্থ্য, জীবনযাপন ও অর্থনৈতিক অবস্থার উন্নতি না হলে নিরাপদ খাদ্য উৎপাদনের স্বপ্ন পূর্ণতা পাবে না। তিনি বলেন, আমার মূল লক্ষ্য শুধু বিষমুক্ত খাদ্য উৎপাদন বা বাজারজাত করা নয়। আমি চাই, যে কৃষক আমাদের খাবার উৎপাদন করেন, তিনিও সুস্থ ও ভালো থাকুন। তার জমি ভালো থাকুক, পরিবার ভালো থাকুক, চিকিৎসার সুযোগ থাকুক। কৃষক ভালো না থাকলে নিরাপদ খাদ্য উৎপাদনও টেকসই হবে না। তাই কৃষকের জমির স্বাস্থ্য থেকে শুরু করে তার নিজের স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং উৎপাদিত পণ্যের ন্যায্য বাজার— সবকিছু নিয়েই কাজ করতে চাই। আমার স্বপ্ন, একটি বিষমুক্ত কৃষিব্যবস্থা গড়ে উঠুক, যেখানে কৃষক ও ভোক্তা উভয়েই উপকৃত হবেন।