শীতে হৃদরোগের ঝুঁকি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য ডেস্ক

অনেকেরই ধারণা হৃদরোগ বয়স্কদের হয়। তবে বাস্তবতা হলো এ রোগ যেকোনো বয়সীদের হতে পারে। আজকাল তো ২০ থেকে ৩০ বছর বয়সী তরুণদের মধ্যে এ রোগের প্রকোপ দেখা যাচ্ছে। তবে এর জন্য শুধু জীবনযাপনে অনিয়ম দায়ী নয়। হার্ট অ্যাটাকের কারণ হতে পারে আবহাওয়াও। বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যান্য সময়ের তুলনায় অনেক বেড়ে যায়। তবে শরীরে হৃদরোগ রাতারাতি বাসা বাঁধে না। হার্ট অ্যাটাকের আগে রোগীর মধ্যে কিছু সংকেত পাওয়া যায়। চলুন জেনে নিই শীতকালে হার্ট অ্যাটাক বেড়ে যাওয়ার ৩ কারণ।
শীতকালে হৃৎপিণ্ডের অবস্থা নিয়ে হৃদরোগ বিশেষজ্ঞ সুশান্ত মুখোপাধ্যায় জানান, হৃৎপিণ্ডের কাজ অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত শরীরের কোষে কোষে পৌঁছে দেওয়া। স্বাভাবিক অবস্থায় হৃৎপিণ্ড প্রতি মিনিটে ৬০ থেকে ৮০ বার রক্ত পাম্প করে। আর এ প্রক্রিয়া সচল রাখে হৃৎপিণ্ডের সাইনাস নোড বা এসএ নোড নামক নিজস্ব পেসমেকার। এ সাইনাস নোড ২৪ ঘণ্টা বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে। ফলে হৃৎস্পন্দন স্বাভাবিক থাকে এবং বিশুদ্ধ রক্ত সারা শরীরে পৌঁছায়। তবে এ প্রক্রিয়ায় কোনো ধরনের সমস্যা দেখা দিলে হৃৎস্পন্দন অনিয়মিত হতে শুরু করে বলে জানান বিশেষজ্ঞ সুশান্ত। শীতে রক্তনালি বেশি সংকুচিত হয়ে যায়। ফলে রক্তপ্রবাহের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে রক্তচাপ বেড়ে যায়। ফলে হৃৎস্পন্দনে একটি অস্বাভাবিক পরিবর্তন ঘটে। আর এ পরিবর্তনই বিপদের ঝুঁকি তৈরি করে।
শীতকালে তাপমাত্রা কম থাকার কারণে রক্তে থাকা প্লেটলেট এবং ফাইব্রিনোজেনের মতো রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী প্রোটিনগুলোর ঘনত্ব ও কার্যকারিতায় কিছুটা পরিবর্তন আসে। ঠান্ডায় রক্ত স্বাভাবিকের তুলনায় কিছুটা ঘন হয়ে যায়। ফলে রক্তনালিতে তা জমাট বাঁধার আশঙ্কা বাড়ে। তাই, যারা আগে থেকেই হৃদরোগে ভুগছেন, কিংবা পরিবারে হৃদরোগের ইতিহাস আছে অথবা যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি শীতকালে তাদের রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে।
এ ছাড়া, শীতকালে শরীর থেকে অতিরিক্ত অ্যাড্রেনালিন ও নর-অ্যাড্রেনালিনের মতো হরমোন নিঃসৃত হয়। ফলে রক্তনালিকে আরও সংকুচিত হয়ে হৃৎস্পন্দনের গতি বাড়িয়ে দেয়। এতে রক্তচাপ বেড়ে গিয়ে হৃৎপিণ্ডের ওপর বাড়তি চাপের সৃষ্টি হয়। তাই, এ সময় রক্তে শর্করা ও রক্তচাপ অনিয়ন্ত্রিত রয়েছে এমন উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি আরও বেড়ে যায়।
