হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল

বললেন রিজভী

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগ এবং দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল।

'৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

'৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য' প্ল্যাটফর্ম এ স্মরণসভার আয়োজন করে।

মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে ইতিহাস রচনার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর ঘোষণার মধ্য দিয়ে শ্রমিক, কৃষক ও ছাত্ররা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। তাঁকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও মানুষের হৃদয়ে লেখা ইতিহাস টিকে রয়েছে।

তিনি বলেন, ১৯৭১, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ ও চব্বিশের জুলাই— সবই বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। একটি সংগ্রামের চেতনা অন্য সংগ্রামকে প্রভাবিত করেছে। ১৯৯০ সালের গণতান্ত্রিক চেতনা ছিল একনায়ককে পরাজিত করে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। এই চেতনা জুলাইয়ের আন্দোলনকেও প্রভাবিত করেছে।

রিজভী বলেন, ১৯৯০ সালের চেতনা, ৭ নভেম্বরের চেতনা এবং জুলাইয়ের অর্জন ধারণ করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন শুধু সরকার পেলেই হবে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার দায়িত্বও রয়েছে।

১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের কথা স্মরণ করে তিনি জানান, এ সংগ্রামের অর্জিত গৌরব তাকে পরবর্তী ৩৬ বছর ধরে গণতান্ত্রিক সংগ্রামে উদ্বুদ্ধ করেছে। সেই চেতনার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসকের পতন সম্ভব হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান। সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।