সুসংবাদ প্রতিদিন

সিরাজগঞ্জে মাটির তৈজসপত্রের ঐতিহ্য ফিরছে

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  এস, এম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে মাটির হরেক রকমের তৈজসপত্র তৈরী করছেন মৃৎশিল্পীরা। এসব নকশা কাটা তৈজসপত্রের চাহিদাও এখন বাড়ছে। এ চাহিদা মেটাতে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। এক সময় সিরাজগঞ্জে মাটির বিভিন্ন তৈজসপত্র তৈরী করতেন মৃৎশিল্পীরা। হিন্দু সম্প্রদায়ের পাল বাড়িতে পাক পাতিলসহ বিভিন্ন তৈজসপত্র তৈরি করে এবং গ্রামগঞ্জে ফেরি করে টাকা ও ধানের বিনিময়ে বিক্রি হত। এসব তৈজসপত্রের ব্যবহার ও চাহিদা ক্রমাগতভাবে কমে যায়। এমনকি গ্রামঞ্চলের পাল বাড়িতে এসব তৈজসপত্র তৈরী প্রায় বন্ধ হয়ে যায়। এ কারণ সম্পর্কে বিশিষ্টজনেরা বলছেন, দেশ উন্নতির সাথে সাথে আধুনিকতার ছোয়ায় প্লাস্টিক, স্টিল ও সিরামিক পণ্যের ব্যবহারও বেড়ে যায়। এ কারণে মাটির টব, হাঁড়ি-পাতিল, দইয়ের বাটি, কাদা, কলসিসহ বিভিন্ন ধরনের তৈজসপত্রের ব্যবহার কমে যায়। এ গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে প্রায় কয়েক বছর ধরে আবারো মৃৎশিল্পীরা হরেক রকমের এসব তৈজসপত্র তৈরি করছে । বাজারে এখন চাহিদা থাকায় মৃৎশিল্পীরা দিনরাত এ কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে এ জেলার কামারখন্দ, উল্লাপাড়া, সলংগা, রায়গঞ্জ, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে তৈজসপত্র বেশি তৈরি হচ্ছে। মৃৎশিল্পীরা বলছেন, শ্রেণীগত মাটি সংগ্রহ ও প্রস্তুত করা, নিপুণ হাতে নির্দিষ্ট নকশা দেয়া, রোদে শুকানো এবং আগুনের কুন্ডতে পুড়িয়ে ব্যবহার উপযোগী করতে হয়। এ কাজে আর্থিক ও দক্ষতার প্রয়োজনও রয়েছে। প্লাস্টিক, স্টিল ও সিরামিকের পণ্যের প্রসার ঘটায় মৃৎশিল্পের বাজার সংকুচিত হয়ে পড়ে এবং নানা জটিলতার মধ্যেও এ পেশা আঁকড়ে ধরে রেখেছি। এতে নিজেদের ও কারিগরদের সংসার চলছে। অবশ্য চাহিদা বেশি থাকলে সেকালের ঐতিহ্য ফিরে আসবে বলে দাবী করেন তারা। এ বিষয়ে অভিজ্ঞজনেরা বলছেন, আধুনিক বিভিন্ন পণ্যের ভিড়েও মাটির তৈজসপত্রের চাহিদা ক্রমাগতভাবে বাড়ছে। এসব তৈজসপত্র তৈরীতে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছে। অনেক পরিবার হরেক রকমের নকশা কাটা এ তৈজসপত্রে ঘর সাজাচ্ছে এবং গ্রামীণ ঐতিহ্য এ শিল্প টিকিয়ে রাখতে আর্থিক সহযোগিতার প্রয়োজন।