জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চলছে বিশেষ প্রদর্শনী
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজী মুনছুর আজিজ

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, বরং বিগত ১৮ বছর ধরে চলা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের এক চূড়ান্ত ফসল বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী 'উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি প্রায় ১৮ বছর ধরে দেশে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার ও নির্মম নির্যাতন চালিয়েছে। দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে এবং নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করে বিনা ভোটে ও রাতের ভোটে তারা জোরপূর্বক ক্ষমতায় টিকে ছিল। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে তরুণ ছাত্র-ছাত্রীদের হাত ধরে যে আন্দোলন শুরু হয়েছিল, পরবর্তীতে তাতে রিকশাচালক, শ্রমিক ও মেহনতি মানুষসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক ও সামাজিক শক্তি ঐক্যবদ্ধভাবে শামিল হয়। নিরস্ত্র ছাত্র-জনতার ওপর যখন নির্বিচারে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়েছে, তখনও ছাত্র-জনতা বুক পেতে আত্মাহুতি দিয়েছে। অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে কোটি মানুষ রাজপথে নেমে এলে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে এবং তারা পালিয়ে যায়।
শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি আরও বলেন, সরকারি রেকর্ডে শহীদদের সংখ্যা ৮৫৬ জন হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এ ছাড়া ২০ হাজার মানুষ আহত হয়েছেন— অনেকে চোখ হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। শহীদ পরিবারের এই শোক গোটা জাতির শোক।
তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘরের মূল লক্ষ্যই হলো শহীদ পরিবারের আত্মত্যাগ, শোক এবং গণমানুষের লড়াইয়ের স্মৃতিকে যথাযথভাবে সংরক্ষণ করা। জাদুঘরের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী জানান, এরইমধ্যে প্রায় ১ হাজার ৮০০ স্মারক সংগ্রহ করা হয়েছে। ভবিষ্যতে আরও যা স্মারক পাওয়া যাবে, সবই পর্যায়ক্রমে সংগ্রহ করে সংরক্ষণ করা হবে। জাদুঘরের পরিসর আরও সম্প্রসারিত করে এসব স্মৃতিচিহ্ন একটি সুপরিসর স্থানে স্থায়ীভাবে প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের কথা জানতে পারে সেজন্য এ উদ্যোগ নিয়েছে সরকার।
অনুষ্ঠানের শুরুতেই জাদুঘরের কার্যক্রম ও প্রদর্শনীর পটভূমি তুলে ধরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত দেড় দশকের স্বৈরাচারের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার লক্ষ্যেই এ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। শহীদদের ব্যবহৃত স্মৃতিস্মারক সংগ্রহের উন্মুক্ত আহ্বান করা হলে অনেক মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেন। এখন পর্যন্ত ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক আমাদের কাছে সংরক্ষিত হয়েছে।
তিনি জানান, জাদুঘরের নিয়মিত গ্যালারিতে স্থানসংকুলান না হওয়ায় বর্তমানে ২০৫ জন শহীদের ৫ শতাধিক স্মারক স্থায়ীভাবে প্রদর্শন করা সম্ভব হচ্ছে। তবে সংগ্রহে প্রায় দেড় থেকে ২ হাজার স্মারক রয়েছে। এ সংগৃহীত স্মৃতিচিহ্নগুলো যেন দেশবাসী ও শহীদ পরিবারের সদস্যরা দেখতে পারেন এবং তাদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করতে পারেন, সেই তাগিদ থেকেই দেশের সর্ববৃহৎ এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ছাড়া শহীদদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
