প্লে স্টোরে অ্যাপ প্রকাশ
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক

গুগল প্লে স্টোরে থাকা অ্যাপের নির্মাতাদের সঙ্গে ব্যবহারকারীদের সরাসরি যোগাযোগের সুযোগ বাড়াতে নতুন নিয়ম চালু করছে গুগল। আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে অ্যাপ ডেভেলপ এবং প্লে স্টোরে পাবলিশ করেন, এমন ডেভেলপারদের ফোন নম্বর ও ঠিকানা অ্যাপের সঙ্গে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে নতুন নিয়মটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্বতন্ত্র ও ক্ষুদ্র অ্যাপ নির্মাতাদের মধ্যে। অনেক স্বতন্ত্র ডেভেলপার নিজ বাসায় বসেই অ্যাপ তৈরি ও পরিচালনা করেন, ফলে তাদের ব্যক্তিগত বাসার ঠিকানাও প্রকাশ্যে চলে আসতে পারে।
গুগলের নতুন নিয়ম অনুযায়ী, আগামী বছর ১ ফেব্রুয়ারির মধ্যে প্লে স্টোরের সব সক্রিয় ডেভেলপার অ্যাকাউন্টকে নিজেদের 'ট্রেডার' অথবা 'নন-ট্রেডার' হিসেবে পরিচয় নিশ্চিত করতে হবে। যুক্তরাজ্য ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ)-এর ভোক্তা সুরক্ষা আইন এবং ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) মেনে এ ব্যবস্থা চালু করছে প্রতিষ্ঠানটি। গুগলের ব্যাখ্যা অনুযায়ী, যারা অ্যাপ বিক্রি, বিজ্ঞাপন প্রদর্শন কিংবা অ্যাপের ভেতরে সেবা বিক্রয়ের মাধ্যমে নিয়মিত বা ব্যবসায়িক ভিত্তিতে আয় করেন, তারা সাধারণত 'ট্রেডার' হিসেবে বিবেচিত হবেন। ব্যক্তিগত শখে বা অবাণিজ্যিক উদ্দেশ্যে অ্যাপ তৈরি করলে 'নন-ট্রেডার' হিসেবে পরিচয় দেওয়া যাবে।
যারা নিজেদের ট্রেডার হিসেবে চিহ্নিত করবেন, তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচয়, ফোন নম্বর ও ঠিকানা গুগলকে দিতে হবে। ২০২৭ সালের ১ মার্চ থেকে এসব তথ্য সংশ্লিষ্ট অ্যাপের সঙ্গে বিশ্বজুড়ে প্রদর্শিত হবে। অর্থাৎ, নিয়মটি মূলত যুক্তরাজ্য ও ইউরোপের আইন মেনে চালু হলেও তথ্য দেখার সুযোগ পাবেন অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীরাও। তবে যুক্তরাজ্য ও ইইএ অঞ্চলের ব্যবহারকারীরা ডেভেলপারের ব্যবসায়িক পরিচয় ও স্ব-চিহ্নিতকরণের তথ্যও দেখতে পাবেন।
এ নিয়ম নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন স্বাধীন অ্যাপ ডেভেলপাররা। তাদের অধিকংশই নিজ বাসায় বসে অ্যাপ তৈরি ও পরিচালনা করে থাকেন। ফলে আলাদা ব্যবসায়িক ঠিকানা না থাকলে ব্যক্তিগত বাসার ঠিকানাই জনসমক্ষে প্রকাশিত হওয়ার ঝুঁকি তৈরি হবে। গুগল ঠিকানার বিকল্প হিসেবে পোস্ট বক্স ব্যবহারের সুযোগও দিচ্ছে না। এ পরিস্থিতিতে ব্যক্তিগত ঠিকানা গোপন রাখতে কেউ কেউ নিবন্ধিত এজেন্টের মাধ্যমে ব্যবসায়িক ঠিকানা ব্যবহার কিংবা আলাদা অফিস ভাড়া নেওয়ার কথাও ভাবছেন।
