ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ড্যাপ বাস্তবায়ন

বিএলডিএ ও রিহ্যাবের সুপারিশ পর্যালোচনায় কমিটি

বিএলডিএ ও রিহ্যাবের সুপারিশ পর্যালোচনায় কমিটি

ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে রিহ্যাব ও বিএলডিএ’র প্রস্তাবিত মতামত ও সুপারিশসহ পর্যালোচনা করার জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে ড্যাপ বাস্তবায়নের বিষয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব) ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস

অ্যাসোসিয়েশনের (বিএলডিএ) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, ড্যাপ বাস্তবায়নে রিহ্যাব ও বিএলডিএ’র পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট সুপারিশ ও মতামত তুলে ধরা হয়েছে। এসব মতামত ও সুপারিশ পর্যালোচনার জন্য গৃহায়ণ ও গণপূর্ত সচিবকে আহ্বায়ক করে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি এসব সুপারিশ পর্যালোচনা করে সারসংক্ষেপ ড্যাপের আহ্বায়কের কাছে উপস্থাপন করবেন।

তিনি বলেন, এ দেশটা আমাদের সবার। ঢাকা শহরকে আধুনিক ও দৃষ্টিনন্দন করে বসবাস উপযোগী করার জন্য আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ। এখন ড্যাপের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে নগরীতে অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। আর যাতে অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ না হয়, সেজন্য ড্যাপ বাস্তবায়ন জরুরি। আইন লঙ্ঘন করে কেউ কোনো কিছু করলে তার বিরুদ্ধে রাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যেখানে বহুতল ভবন নির্মাণের সুযোগ রয়েছে, সেখানে তা নির্মাণ করা হবে। আর যেখানে সব নাগরিক সেবা প্রদান করা সম্ভব না, সেখানে সুউচ্চ ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। মানুষ যদি চলাচলের জন্য রাস্তা না পায়, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ না থাকে, ছেলেমেয়েদের খেলাধুলার মাঠ এবং ওয়াটার বডিসহ অন্যান্য সুযোগসুবিধা না থাকে তাহলে, সেখানে বড় বড় বিল্ডিং করা ঠিক হবে না। তাই সার্বিক দিক বিবেচনায় নিয়ে এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে।

সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, রাজউকের চেয়ারম্যান ড. সাঈদ হাসান শিকদার, ড্যাপের প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বিএলডিএ’র সভাপতি আহমেদ আকবর সোবহান এবং রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত