দূষণে বিশ্বের শীর্ষ চারে ঢাকা বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

অব্যাহত রয়েছে বৈশ্বিক বায়ুদূষণ পরিস্থিতির অবনতি। বিশেষ করে শীতকালীন শুষ্ক আবহাওয়ায় মেগাসিটি ঢাকার বায়ুমান প্রায়ই বিপজ্জনক পর্যায়ে পৌঁছাচ্ছে।
আজ বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষ চারটি শহরের বায়ুমান ‘ভয়াবহ’ পর্যায়ে রয়েছে, যেখানে ঢাকার অবস্থান চতুর্থ। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের
তথ্যানুযায়ী, গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ২০৮ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। গত শুক্রবার এই স্কোর ছিল ১৮৬। অর্থাৎ গত ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা বেড়েছে। একিউআই মানদ- অনুযায়ী আজকের এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
শীর্ষে থাকা অন্যান্য শহর তালিকার তথ্যমতে, ৩৩২ স্কোর নিয়ে আজ দূষণের শীর্ষে অবস্থান করছে মিশরের কায়রো।
ভারতের রাজধানী দিল্লি ২৩৫ স্কোর নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২১৭। এছাড়া ভারতের আরেক শহর কলকাতা ১৭৪ স্কোর নিয়ে রয়েছে সপ্তম অবস্থানে। তালিকার শীর্ষ চারটি শহরের বায়ুমানই ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বৈশ্বিক তালিকার অন্যান্য শহর দূষণের ক্রমানুসারে ১৯৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে মঙ্গোলিয়ার উলানবাটার, ১৮৬ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ভিয়েতনামের হ্যানয়, ১৬৫ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে আফগানিস্তানের কাবুল, ১৬২ স্কোর নিয়ে নবম অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, ১৬০ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে চীনের বেইজিং। একিউআই স্কোর অনুযায়ী শূন্য থেকে ৫০ ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
