পে-স্কেলের দাবিতে সাত দফা, কর্মচারীদের কর্মবিরতি

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে গত শনিবার কঠোর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। তারই ধারাবাহিকতায় পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবিতে সারা দেশে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোতে কর্মচারীরা দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়েছে। আগামীকাল সোম ও মঙ্গলবারও একই কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।

আন্দোলনকারীরা জানান, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে পে-স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছেন। এ লক্ষ্যে সরকার একটি কমিশন গঠন করে, যে কমিশনের রিপোর্ট সরকারের হাতে এরইমধ্যে চলে এসেছে। কিন্তু গেজেট প্রকাশের গড়িমসি এবং এই সরকার কমিশন বাস্তবায়ন করবে না জানান সরকারের জ্বালানি উপদেষ্টা। তখন থেকে ক্ষোভ প্রকাশ শুরু করেন সরকারি কর্মচারীরা।