ভোক্তা পর্যায়ে জনসচেতনতা তৈরি করবে কৃষি তথ্য সার্ভিস

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

উৎপাদক থেকে ভোক্তা সব পর্যায়ে চাই সচেতনতা। কৃষকের মাঠ থেকে খাবার টেবিলে পর্যন্ত আসার প্রতিটি সময় সচেতনতা জরুরি। কৃষক এবং ভোক্তা পর্যায়ে এই সচেতনতা তৈরি করতে কৃষি তথ্য সার্ভিসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

গতকাল সোমবার রাজধানীর খামারবাড়িস্থ কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয় ঢাকা কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কৃষি মন্ত্রণালয়ের পিপিসি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান। তিনি আরও বলেন, কৃষিভিত্তিক টেলিভিশন চালু করা এখন সময়ের দাবি। এর মাধ্যমে সব পর্যায়ের কৃষকরা কৃষির তথ্য সেবার আওতায় আসবে। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে এআইএসকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। সব কৃষি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কৃষিকথার গ্রাহক হওয়ার আহ্বান জানান তিনি। নিরাপদ খাদ্য নিশ্চিতে কৃষি তথ্য সার্ভিসের করণীয় শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবু নোমান ফারুক আহমেদ, অধ্যাপক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন ড. মো. জাকির হোসেন, পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চল ও মোহাম্মদ সফিউজ্জামান, মূখ্য প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ওবায়দুর রহমান মণ্ডল, পরিচালক, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি