ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৫তম সমাবর্তন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৫তম সমাবর্তন গতকাল সোমবার রাজধানীর আফতাবনগর খেলার মাঠে অনুষ্ঠিত হয়। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। এ সমাবর্তনে আন্ডার গ্রাজুয়েট ও গ্রাজুয়েট প্রোগ্রামের ১৮৫৭ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এছাড়া সিজিপিএ ৪.০-এর মধ্যে ৪.০ পাওয়া অনন্য মেধাবী নয়জন শিক্ষার্থীকে দেওয়া হয় স্বর্ণ পদক। ড. মোবাশ্বের মোনেম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জ্ঞান ও দক্ষতা তখনই অর্থবহ হয়, যখন তা নৈতিকতার আলোকে পরিচালিত হয়।

সেইসঙ্গে, দেশকে ভালোবাসার পরামর্শ দেন তিনি। তার মতে, দেশের কল্যাণ আত্মিক মুক্তি দেয়। সমকালীন বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপট তুলে ধরে অধ্যাপক মোনেম জাতীয় ও বৈশ্বিক এই অস্থিরতা দূর করে শান্তির ও বাসযোগ্য পৃথিবী গড়তে তরুণদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি প্রকৃতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমাদের অস্তিত্ব প্রকৃতির ওপর নির্ভরশীল। তাই, ক্রমাগত ধ্বংসের দিকে যাওয়া প্রকৃতি রক্ষার নৈতিক দায়িত্ব সবাইকে পালন করতে হবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি