বিশ্ব তাকিয়ে আছে নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না
বললেন চট্টগ্রামের ডিসি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার দায় কোনোভাবেই এড়ানো যাবে না। তিনি বলেন, ‘নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এমন বক্তব্য বা অজুহাত গ্রহণের সুযোগ নেই। প্রশাসনকে প্রমাণ করতে হবে আমরা নিরপেক্ষ।’ গতকাল শনিবার দুপুরে আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বারবার একই অভিযোগ শুনতে আমরা প্রস্তুত নই। রাষ্ট্রের অর্থে যাদের বেতন হয়, তাদের দায়িত্বই হলো জনগণের আস্থা ফিরিয়ে আনা। ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের আগে নিজেদের দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে। আপনি আপনার সন্তানের জন্য কেমন বাংলাদেশ চান, এই প্রশ্নের উত্তরই আপনার আচরণ ঠিক করে দেবে। এই নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি আগামীর বাংলাদেশের ভিত্তি। নির্বাচনকে ঘিরে শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে কঠোর বার্তা দিয়ে জেলা প্রশাসক বলেন, নির্বাচনের দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ‘যারা ঝামেলা সৃষ্টি করতে চাইবে, তাদের সতর্ক করা হবে না। সরাসরি আইনের আওতায় আনা হবে,’ বলে হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, ২০২৬ সালের নির্বাচন শহিদদের রক্তের স্মৃতি বহন করছে। আর যেন আমাদের সন্তানদের রক্ত ঝরাতে না হয়, সেই দায়বদ্ধতা থেকেই আমাদের নিরপেক্ষ ও দায়িত্বশীল হতে হবে।
