ডা. শফিকুর রহমানের সমর্থনে মিরপুরে মহিলাদের মিছিল
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সমর্থনে মিরপুরে মিছিল করেছে দলটির মহিলা বিভাগ। ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনি মিছিলটির আয়োজন করা হয়। গতকাল শনিবার সকালে মিরপুর-১০ গোলচত্বর থেকে এই মিছিল শুরু হয়ে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে এসে শেষ হয়। এ সময় তারা দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। ‘মা-বোনদের বলে যাই, দাঁড়িপাল্লায় ভোট চাই’; ‘মায়ের কোলে শিশুর ডাক, দাঁড়িপাল্লা জিতে যাক’; ‘আপস না সংগ্রাম’; ‘দিল্লি না ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের প্রচার বিভাগের সদস্য আব্দুর রহিম বলেন, মিছিলে ঢাকা-১৫ আসনের নারী সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর উত্তরের মহিলা বিভাগের নেতারা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলের তদারকির দায়িত্ব পালন করা জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য মোবারক হোসেন বলেন, জামায়াত আমির দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনের ঘোষণার পর থেকে এখানে নারী পুরুষ নির্বিশেষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কারণ শুধু সংসদ সদস্য নির্বাচনই নয়, ১১ দলীয় জোট জিতলে ডা. শফিকুর রহমান হবেন প্রধানমন্ত্রী।
