রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীর গুরুত্বপূর্ণ বিচারিক স্থাপনা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো হলো- প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ এলাকা। বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, এসব এলাকায় কোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা করা যাবে না। আরও বলা হয়, বিভিন্ন দাবি-দাওয়া আদায় কিংবা প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানানো হচ্ছে।
