অজ্ঞান পার্টির খপ্পরে অটোচালকের মৃত্যু
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মিজানুর রহমান (৫৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে তার মৃত্যু হয়। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে মিজানুর রহমান অটোরিকশা নিয়ে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। ওই রাতেই তেজগাঁওয়ের পান্থপথ এলাকা থেকে পথচারীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। ইলিয়াস জানান, মিজানুর পেশায় একজন ভাড়াটে অটোরিকশা চালক ছিলেন। গত শুক্রবার কাজে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। তাদের অভিযোগ, অজ্ঞান পার্টির সদস্যরা তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। চালক মিজানুরের অটোরিকশাটির এখনও খোঁজ পাওয়া যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে ওই চালকের মৃত্যু হয়।
