‘নির্বাচন খুবই উৎসবমুখর ফ্রি-ফেয়ার ও ক্রেডিবল হবে’

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই, ওখানেও বাঁশ দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করা হয়েছে। এজন্য আমি আশা করছি, এখানকার নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে। ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে বৃহত্তর ফরিদপুর জেলার পাঁচটি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আনসার কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন আইনশৃঙ্খলার ব্যাপারে একটু মতবিনিময় সভা করলাম। এই সভায় আমরা এখানে আলোচনা করলাম। এখানে আমি দেখলাম প্রস্তুতি খুবই ভালো। প্রায় প্রতিটা কেন্দ্রেই সিসিটিভি লেগে গেছে এবং আনসার যাওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের সুরক্ষার ব্যবস্থাও হয়ে যাবে। এখানে ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে। মোটামুটি আমি দেখলাম, এখানকার পরিস্থিতি খুবই ভালো। তিনি বলেন, যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নাই, ওখানেও বাঁশ দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করা হয়েছে। এজন্য আমি আশা করছি এখানকার নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে। ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে সফর করে দেখলাম, এই এলাকার আইনশৃঙ্খলা ভালো। আইনশৃঙ্খলায় আপনারা ফাস্ট হয়েছেন। এইবার যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে, কোনো ইতিহাসে আপনারা দেখাইতে পারবেন না, আইনশৃঙ্খলা বাহিনী এত ছিল। তিনি বলেন, আগের নির্বাচনগুলোতে যেরকম সহিংসতা হতো, এবার কিন্তু ওরকম আল্লাহ দিলে এখনও কোনো ধরনের সমস্যা হয় নেই।