খুলনায় কোস্ট গার্ডের যৌথ অভিযান

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; খুলনায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে দেশীয় পিস্তল, তাজা গোলা ও ককটেলসহ এক দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত ১টায় খুলনার তেরোখাদা থানাধীন লস্করপুর এলাকায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির প্রস্তুতিকালে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড তাজা গোলা, দুটি ককটেল ও দুটি দেশীয় অস্ত্রসহ কাজী কামাল হোসেনকে আটক করা হয়। অভিযানে আটককৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী। আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার তেরোখাদা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি