মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গতকাল সোমবার মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর (অব.) ৪২তম মৃত্যুবার্ষিকী বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয়। জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মো. আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল যথাযথ সামরিক মর্যাদায় সিলেটে জেনারেল এমএজি ওসমানীর (অব.) সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনারের মাধ্যমে সম্মান প্রদর্শন করে। পরিশেষে তার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সিলেট এরিয়ার সব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, সামরিক বাহিনীর অন্যান্য পদবির সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
