ময়মনসিংহের দুই এমপিপুত্র প্রতিমন্ত্রী হলেন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ ব্যুরো
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকারের মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন ময়মনসিংহের নবনির্বাচিত ২ সংসদ সদস্য। তারা হলেন- ময়মনসিংহ-৩ (গৌরীপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী মো. ইয়াসের খান চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের মন্ত্রী সভায় শপথ গ্রহণ করেন তারা। এরমধ্যে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্ভাব্য প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এবং তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরী সম্ভাব্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের।
জানা যায়, পারিবারিক সূত্রে এ জেলা থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া দুজনই এমপিপুত্র। এর মধ্যে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের প্রয়াত পিতা মো. ঈসমাইল হোসেন তালুকদার ছিলেন মুসলিম লীগের এমপি। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। অপরদিকে বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরীর পিতার নাম মো. আনোয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি ১৯৯১ সালের নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এদিকে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন মন্ত্রী পরিষদে স্থান পাওয়া খবরে উচ্ছ্বাসিত দলীয় নেতাকর্মী ও অনুসারীরা।
