অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ বন্ধ ঘোষণা

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৮ মাসের যাত্রার ইতি টেনে বন্ধ হয়ে গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেইজ। গতকাল বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বিদায়ী পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।

ফেসবুক পোস্টে জানানো হয়, ‘Chief Adviser GOB (Head of the Government)’ নামের এই অফিসিয়াল পেইজটি এখন থেকে আর সক্রিয় থাকবে না। ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর জনযোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে এই পেইজটি খোলা হয়েছিল। বর্তমানে পেইজটিতে ফলোয়ার সংখ্যা ৪৪ লাখেরও বেশি। বিদায়ী পোস্টে জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, গত ১৮ মাস সময়কালজুড়ে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা ও সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।

এদিকে গত মঙ্গলবার বিকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বড় পরিবর্তন সূচিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। একই দিন দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্যরাও শপথগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের পরিচালনায় প্রথমে বিএনপি এবং পরে ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য সংসদ সদস্যরা শপথ নেন।