নতুন দায়িত্বে সদ্য সাবেক প্রেস ও ডেপুটি প্রেস সচিব
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সদ্য সাবেক প্রেস সচিব মো. শফিকুল আলম ও ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। নতুন ইংরেজি দৈনিক পত্রিকা ‘দ্য ডেইলি ওয়াদা’-এর সম্পাদক হিসেবে যোগদান করেছেন সাবেক প্রেস সচিব ও সাংবাদিক শফিকুল আলম। এছাড়া এই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সাবেক ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। গতকাল বুধবার মো. শফিকুল আলম ও আবুল কালাম আজাদ মজুমদার নিজ নিজ ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।
নতুন এই কর্মস্থলের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আমি ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে যোগদান করেছি। আমার এই নতুন পথচলায় আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি। শফিকুল আলম দীর্ঘ সময় আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-তে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদিকে, সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন শেষে সাংবাদিকতায় ফিরলেন আজাদ মজুমদার। তিনি শিগগিরই যাত্রা শুরু করতে যাওয়া ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’-তে নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মেয়াদ শেষে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে নিজের সরকারি দায়িত্ব সমাপ্তির কথা জানান তিনি।
