‘সম্মিলিত প্রচেষ্টায় মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল করে তুলতে চাই’
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সম্মিলিত প্রচেষ্টায় মন্ত্রণালয়ের কার্যক্রমকে জনস্বার্থে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলতে চান বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)। গতকাল বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধস্তন সংস্থাগুলোর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমরা আপনাদের সহযোগিতা করার জন্য এসেছি। একইসঙ্গে আপনাদের কাছ থেকেও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি। সম্মিলিত প্রচেষ্টায় এ মন্ত্রণালয়ের কার্যক্রমকে জনস্বার্থে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলতে চাই। তিনি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
শুভেচ্ছা বক্তব্যে প্রতিমন্ত্রী নতুন সরকারের ইশতেহারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দেশের বিমানবন্দরসমূহকে লাভজনক ও আধুনিক করে তুলতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্ব দেন।
